হোম > বিশ্ব > আমেরিকা

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে (বামে) এবং সুপ্রিম কোর্ট এর একটি অংশ (ডানে)। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতিগত সিদ্ধান্তে বাধা দেওয়ার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা আরো সীমিত করার উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস। এবার ফেডারেল সরকারি সংস্থাগুলোর জারি করা বিধি বা নিয়ম দেশজুড়ে বাতিল করার ক্ষমতা আদালতের কাছ থেকে কেড়ে নিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন।

প্রশাসনের যুক্তি, কোনো সরকারি সংস্থার বিধি বেআইনি প্রমাণিত হলেও আদালতের উচিত হবে না সেটি সবার জন্য বাতিল করে দেওয়া। বরং যে ব্যক্তি বা পক্ষ মামলা করেছে, কেবল তাদের ক্ষেত্রেই ওই বিধির প্রয়োগ বন্ধ রাখার নির্দেশ দিতে পারবেন বিচারকেরা।

বিশ্লেষকদের আশঙ্কা, সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিলে কোনো বিধিকে আদালত বেআইনি ঘোষণা করার পরও সরকার মামলার বাদী ছাড়া অন্য সবার ওপর সেটি প্রয়োগ অব্যাহত রাখতে পারবে। আইনি লড়াই চলতে থাকলে বছরের পর বছর এমন পরিস্থিতি বজায় থাকার আশঙ্কাও রয়েছে।

বিচারকদের ক্ষমতা কমাতে দ্বিতীয় দফার উদ্যোগ

ট্রাম্প প্রশাসন এর আগেও বিচারকদের দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। ২০২৫ সালের জুনে আদালত প্রশাসনের পক্ষে রায় দিয়ে বিচারকদের ‘ইউনিভার্সাল ইনজাংশন’ বা দেশজুড়ে কার্যকর নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করেন।

এ ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো নীতির বিরুদ্ধে মামলা করা ব্যক্তিদের বাইরেও পুরো দেশের মানুষের ক্ষেত্রে সরকারের সেই নীতি কার্যকর করা বন্ধ রাখা যায়। ট্রাম্পের অভিবাসননীতি, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার উদ্যোগসহ বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে নিম্ন আদালত এমন নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

তবে ২০২৫ সালের রায়ে সুপ্রিম কোর্ট বিচারকদের আরেকটি ক্ষমতা অক্ষত রেখেছিলেন। ১৯৪৬ সালের প্রশাসনিক কার্যপ্রণালি আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্টের (এপিএ) আওতায় ফেডারেল সংস্থার কোনো বিধি বেআইনি মনে হলে তা বাতিল বা অকার্যকর ঘোষণা করতে পারতেন বিচারকেরা।

এবার সেই ক্ষমতাও সীমিত করতে চায় ট্রাম্প প্রশাসন। এ উদ্দেশ্যে করা বিচার বিভাগের আপিল বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। আগামী বছরের শুরুর দিকে আদালত মামলাটি শুনবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

কী নিয়ে এই মামলা

টেক্সাসের কয়েকটি চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষের করা মামলাকে কেন্দ্র করে নতুন এই আইনি লড়াইয়ের সূত্রপাত। ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত একটি আইনের আওতায় চিকিৎসাসেবার ক্ষেত্রে রোগীদের অপ্রত্যাশিত অতিরিক্ত বিল কমানোর জন্য ফেডারেল সরকার কিছু বিধি জারি করেছিল।

টেক্সাসের চিকিৎসক সংগঠন, এয়ার অ্যাম্বুলেন্স সেবাদাতা প্রতিষ্ঠানসহ কয়েকটি পক্ষের অভিযোগ, এসব বিধি প্রশাসনিক কার্যপ্রণালি আইনের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে এগুলোর কারণে স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে চিকিৎসাসেবা প্রদানকারীদের প্রাপ্য অর্থ কৃত্রিমভাবে কমে যাচ্ছে।

মামলাটি শুনে নিউ অরলিন্সভিত্তিক পঞ্চম সার্কিট আপিল আদালত গত আগস্টে ওই বিধির কয়েকটি অংশ দেশজুড়ে বাতিল করেন। আদালতের মতে, সংশ্লিষ্ট বিধিগুলো প্রশাসনিক কার্যপ্রণালি আইন লঙ্ঘন করেছে।

তবে ট্রাম্প প্রশাসন আপিলে ওই বিধিগুলোর বৈধতা নিয়ে আপিল আদালতের সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করেনি। তাদের আপত্তি মূলত আদালতের দেশব্যাপী বিধি বাতিল করার ক্ষমতা নিয়ে। প্রশাসনের বক্তব্য, এপিএ বিচারকদের এমন বিস্তৃত ক্ষমতা দেয়নি। কোনো মামলায় কেবল বাদীদের ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিধির প্রয়োগ বন্ধ রাখার নির্দেশ দিতে পারেন আদালত।

মার্কিন বিচার বিভাগ সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে বলেছে, নিম্ন আদালতগুলোকে এপিএর আওতায় তাদের যথাযথ এখতিয়ারের মধ্যে ফিরিয়ে আনা উচিত।

ক্ষমতা কমলে কী প্রভাব পড়তে পারে

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাইয়ের মতে, সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে সিদ্ধান্ত দিলে নির্বাহী বিভাগ আরো বেশি স্বাধীনতা পাবে। কোনো বিধি আদালতে বেআইনি ঘোষিত হলেও মামলার বাদী ছাড়া অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর সেটি প্রয়োগ করা সম্ভব হবে।

তিনি বলেন, এই ক্ষমতা বাড়ানো ভালো না খারাপ, তা অনেকটাই নির্ভর করতে পারে সংশ্লিষ্ট প্রশাসনের নীতির প্রতি কারও সমর্থন বা বিরোধিতার ওপর।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক রোনাল্ড লেভিন মনে করেন, কোনো সরকারি সংস্থার বিধি বেআইনি প্রমাণিত হলে অনেক ক্ষেত্রে সেটি পুরোপুরি বাতিল করাই যুক্তিসংগত সমাধান। তার মতে, খাদ্যনিরাপত্তা বা গাড়ি উৎপাদনের নিরাপত্তাসংক্রান্ত কোনো নিয়ম যদি বেআইনি হয়, তাহলে সেটি শুধু কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাতিল রেখে অন্যদের জন্য বহাল রাখা বাস্তবসম্মত নয়।

লেভিনের ভাষায়, সব মামলায় বিচারকদের এই ক্ষমতা প্রয়োগ করা প্রয়োজন না হলেও কিছু ক্ষেত্রে পুরো বিধি বাতিল করার প্রয়োজনীয়তা অত্যন্ত জোরালো।

ট্রাম্পের নীতির বিরুদ্ধে শত শত মামলা

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে শত শত মামলা হয়েছে। অভিবাসন নিয়ন্ত্রণ, ব্যাপক বহিষ্কার কার্যক্রম, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ বন্ধ এবং ট্রান্সজেন্ডারদের অধিকার সীমিত করার মতো বিভিন্ন পদক্ষেপ নিয়ে এসব মামলা হয়েছে।

মানবিক কারণে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাওয়া লাখ লাখ অভিবাসীর আইনি মর্যাদা বাতিলের উদ্যোগ, সংখ্যালঘু ও এলজিবিটিকিউ জনগোষ্ঠী-সম্পর্কিত গবেষণায় বড় ধরনের অনুদান কমানো এবং নাগরিকত্ব যাচাইয়ের জন্য ব্যাপক ভোটার তথ্য পরীক্ষা—এসব বিষয়েও এপিএর আওতায় মামলা হয়েছে।

ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগীরা বিভিন্ন সময় তাদের নীতিতে বাধা দেওয়া বিচারকদের সমালোচনা করেছেন। কোনো কোনো বিচারককে উগ্রপন্থী বা দুর্নীতিগ্রস্ত বলেও আক্রমণ করেছেন তারা। এর মধ্যেই প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমা নিয়ে আদালতের সঙ্গে প্রশাসনের বিরোধ আরও জোরালো হচ্ছে।

রিপাবলিকান অঙ্গরাজ্যগুলোরও আপত্তি

ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগের বিরুদ্ধে শুধু ডেমোক্র্যাট-সমর্থক পক্ষগুলোই নয়, কয়েকটি রিপাবলিকান-শাসিত অঙ্গরাজ্যও আপত্তি জানিয়েছে। টেক্সাস ও ফ্লোরিডাসহ এসব অঙ্গরাজ্য পঞ্চম সার্কিট আপিল আদালতকে বলেছিল, এপিএর কার্যকারিতা দুর্বল করা উচিত হবে না।

তাদের মতে, ফেডারেল সরকারের নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ ঠেকানো এবং অঙ্গরাজ্যগুলোর নিজস্ব সার্বভৌমত্ব রক্ষায় আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থার বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে অঙ্গরাজ্যগুলোর আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রেও এপিএ একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

এদিকে ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও বিচারকদের এই ক্ষমতা সীমিত করার জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছিল। তখন টেক্সাস ও লুইজিয়ানার রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলদের করা একটি অভিবাসন নীতিসংক্রান্ত মামলায় বিষয়টি সামনে আসে। তবে সুপ্রিম কোর্ট সে সময় মামলাটি শুনতে রাজি হয়নি এবং অন্য যুক্তিতে বাইডেন প্রশাসনের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল।

এবারের মামলায় সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয়, তার ওপর যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের ক্ষমতা এবং নির্বাহী বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে বিচার বিভাগের হস্তক্ষেপের পরিধি অনেকটাই নির্ভর করতে পারে।

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরাইল, কয়েক দশকের সম্পর্কে ফাটল

আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা, বিপাকে ১৫ লাখের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বেড়ে ১০

ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র, পুরোপুরি স্বাভাবিক হবে কবে

সৌদি আরব ভেঙে পড়ছে, দাবি ট্রাম্পের