যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইট। শনিবার ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে হোয়াইটকে এ পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়ার কথা জানান। তবে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের এই ব্যতিক্রমী প্রস্তাবে রাজি হননি হোয়াইট।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মহান ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন হিংস্র যোদ্ধা ও লড়াকু মানুষ।’
প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনের জন্য হোয়াইটকে ছয়জন ইউএফসি যোদ্ধাকে সহকারী হিসেবে সঙ্গে নেওয়ার অনুরোধ জানিয়েছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প। তাদের ছবিও পোস্ট করেন তিনি।
ট্রাম্প আরো লেখেন, ‘উন্মাদ বামপন্থিদের বিরুদ্ধে আমাদের রক্ষার জন্য এই মানুষদের প্রয়োজন। ডানা হবেন এমন একজন প্রেস সেক্রেটারি, যার মতো আর কেউ নেই। ডানা, অনুগ্রহ করে দায়িত্বটি গ্রহণ করুন।’
ট্রাম্পের একজন সহযোগী অবশ্য বলেছেন, প্রেস সেক্রেটারি হিসেবে হোয়াইটকে নিয়োগ দেওয়ার প্রস্তাবটি তিনি মজা করে দিয়েছেন। তবে হোয়াইটকে নিয়ে তার এই পোস্ট এমন এক সময়ে এসেছে, যখন নতুন প্রেস সেক্রেটারি খুঁজতে হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।
ক্যারোলিন লেভিট দায়িত্ব ছাড়ার পর কেটি জাকারিয়া মাত্র পাঁচ দিন প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। এরপর তাকেও সরিয়ে দেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই পদে উপযুক্ত কাউকে খুঁজে পেতে ট্রাম্পের সমস্যা হচ্ছে। বিশেষ করে এ পদ নিয়ে তিনি নিজেই বেশ আগ্রহী। ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড তদন্তের ঘোষণা দেওয়ায় প্রেস সেক্রেটারির দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শনিবার হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং ট্রাম্পের পোস্টটি পুনরায় শেয়ার করেন। এর সঙ্গে তিনি লেখেন, ‘অবশ্যই! করে ফেলুন, ডানা হোয়াইট!’
এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস ও ইউএফসির সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
শনিবার এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারির হওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি ডানা হোয়াইট। তিনি শুধু জানান, সোমবার ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর।
এর আগে একটি উত্তপ্ত সংবাদ ব্রিফিংয়ের পর কেটি জাকারিয়াকে বরখাস্ত করেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ইতিহাসে সবচেয়ে কম সময় প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনের নজির গড়েন তিনি।
অন্যদিকে ক্যারোলিন লেভিট প্রায় দেড় বছর প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন। গত আগস্টে তিনি পদ ছাড়েন। তরুণ পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটানোর ইচ্ছার কথা জানিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। চলতি মাসে ফক্স নিউজে সংবাদ বিশ্লেষক হিসেবে যোগ দিয়েছেন লেভিট।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত ডানা হোয়াইট। সর্বশেষ তিনটি রিপাবলিকান জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছেন তিনি। ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তরুণ পুরুষ ভোটারদের মধ্যে রিপাবলিকান পার্টির সমর্থন বাড়াতেও ভূমিকা রেখেছেন তিনি।
চলতি বছরের শুরুর দিকে হোয়াইটের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি আমাকে এমন সব মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, যাদের নাম আগে কখনো শুনিনি। তরুণ ছেলেরা। আমি দেখলাম, ২০ বছর বয়সি ছেলেরা আমার সাক্ষাৎকার নিচ্ছে। আমি বললাম, এদের কোথায় পেলে? এদের বলা হয় ইনফ্লুয়েন্সার।’
তবে ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের কাছে নতুন ভোটারদের পৌঁছে দিতে ভূমিকা রাখা কয়েকজন ব্যক্তির সমালোচনার মুখে তরুণ পুরুষ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা কমতে শুরু করে। তাদের মধ্যে পডকাস্টার জো রোগানও রয়েছেন।
এই ভোটারদের আকৃষ্ট করতে চলতি গ্রীষ্মে হোয়াইট হাউসের লনে ইউএফসির একটি লড়াইয়ের আয়োজন করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে ওই আয়োজন করা হয়। তবে তার এসব উদ্যোগ সফল হয়নি। গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে তরুণ পুরুষ ভোটারদের একটি অংশ ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকেছে। এর ফলে কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি।
এদিকে প্রশাসনে আরও রদবদলের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। শুক্রবার দীর্ঘদিনের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসকে সরিয়ে তার জায়গায় স্টিফেন মিলারকে নিয়োগ দিয়েছেন তিনি। ট্রাম্পের অন্যতম কট্টরপন্থি ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত মিলার সোমবার থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
শুক্রবার সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি হয়তো আরো কয়েকটি পরিবর্তন আনব।’
এএম