রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করছে ওয়াশিংটন। তবে গণহত্যা সনদের যথাযথ ব্যাখ্যা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের দেওয়া রায় পর্যালোচনা করা হচ্ছে। এর প্রভাব ও তাৎপর্য পুরোপুরি বুঝতে আদালতের সিদ্ধান্তটি বিশ্লেষণ করা হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘গণহত্যা সনদের যথাযথ ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতের রাজনৈতিকীকরণ প্রতিরোধ করাও জরুরি।’
আদালতের রায় নিয়ে ওয়াশিংটনের এই সতর্ক অবস্থান এমন এক সময়ে এল, যখন ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের ঘটনায় যুক্তরাষ্ট্র নিজেই আগে গণহত্যার স্বীকৃতি দিয়েছিল। ২০২২ সালে তৎকালীন মার্কিন প্রশাসন রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। রোহিঙ্গা মুসলিম ও দেশটির অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ওয়াশিংটনের গভীর উদ্বেগ রয়েছে।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় একক মানবিক সহায়তাদাতা বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মানবিক সহায়তার দায়িত্ব আরও ভাগাভাগি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ইসরাইল মামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সতর্কতা
আন্তর্জাতিক বিচার আদালতের রায় নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক অবস্থানের পেছনে গাজায় ইসরাইলের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলাটিও আলোচনায় এসেছে।
দক্ষিণ আফ্রিকার করা ওই মামলায় ইসরাইলের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ইসরাইল অভিযোগটি জোরালোভাবে অস্বীকার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও এ মামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
২০২৪ সালে আইসিজে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা সনদে নিষিদ্ধ কর্মকাণ্ড সংঘটিত হওয়া ঠেকাতে ইসরাইলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন। মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হতে আরো কয়েক বছর লাগতে পারে।
বিশ্লেষকদের কাছে মিয়ানমারের বিরুদ্ধে রায়টি গুরুত্বপূর্ণ, কারণ আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য সরাসরি দায়ী করেছে। গণহত্যার উদ্দেশ্য নির্ধারণ এবং সামরিক অভিযানের আড়ালে সংঘটিত অপরাধের মূল্যায়ন ভবিষ্যতের মামলাগুলোতেও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে।
আন্তর্জাতিক আদালত নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক বিচারব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) দুর্বল বা বিলুপ্ত করার পক্ষে অবস্থান নিয়েছে প্রশাসনটি। আদালটিকে তারা একটি ‘বিদ্রোহী বিশ্বায়নবাদী প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যা দিয়েছে।
তবে আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালত দুটি সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা দিয়ে থাকে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে ব্যক্তির ফৌজদারি দায় নির্ধারণ করে।
এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক বিচার আদালতের বৈধতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেনি। তবে আদালতের সিদ্ধান্তে রাজনৈতিকীকরণ ঠেকানোর বিষয়ে ওয়াশিংটনের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচারের নতুন প্রত্যাশা
গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত ৯-৬ ভোটে রায় দেন, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ২০১৭ সালের সামরিক অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করা হয়েছিল।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় এ রায় আসে। আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন। তাদের অধিকাংশই কক্সবাজারের বিভিন্ন শিবিরে মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। অগ্নিকাণ্ড, সংক্রামক রোগ, বর্ষায় পাহাড়ধস, অপর্যাপ্ত স্যানিটেশন এবং কাজের সুযোগের সীমাবদ্ধতা তাদের জীবনকে আরো কঠিন করে তুলেছে।
আন্তর্জাতিক বিচার আদালতের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও প্রত্যাবাসন, ক্ষতিপূরণ এবং নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়গুলো এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান ও দ্য স্ট্রেইটস টাইমস