বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ এবং ভারতের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করে মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দেশ দুটিসহ চীন, ইউরোপীয় ইউনিয়ন ও আরো কয়েকটি অর্থনীতির বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন শুল্কের প্রস্তাব দেন। এতে বাংলাদেশ, ভারত, চীন, ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড ও তাইওয়ানের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ, ভারতের পণ্যে ২৫ শতাংশ, চীন ও সিঙ্গাপুরের পণ্যে ২০ শতাংশ এবং বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক বসতে পারে। ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ১৫ শতাংশ এবং জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে।
তবে কয়েকটি দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে পৌঁছালে শুল্কের হার কমানোর সুযোগ রাখা হয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, কয়েক দশক ধরে অনেক বাণিজ্যিক অংশীদার উৎপাদন খাতকে লক্ষ্য করে শিল্প কৌশল গ্রহণ করেছে। এসব নীতির মধ্যে রয়েছে শ্রমিকের মজুরি ও শ্রম অধিকার সংকুচিত করা, বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা এবং বাজারব্যবস্থাকে বিকৃত করে এমন উপকরণ ব্যবহার। তাঁর দাবি, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তিকে দুর্বল করছে এবং বাণিজ্যের ভারসাম্য অন্য দেশগুলোর পক্ষে নিয়ে যাচ্ছে।
চীনের ক্ষেত্রে অধিকাংশ পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ এবং নির্দিষ্ট কিছু পণ্যে ১০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে। তবে প্রায় ৩০ বিলিয়ন ডলারের ভোক্তাপণ্যকে শুল্ক ছাড়ের আওতায় রাখার প্রস্তাব রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বোর্ডের সুপারিশ এবং ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া সমঝোতার সঙ্গে সামঞ্জস্য রেখে এ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএমআর