যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিস, সংলগ্ন ক্যাবিনেট রুম ও আউটার ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপনে সই করেছেন।
বৃহস্পতিবার নিজের ডেস্কে বসে লাল ‘ভেটো’ লেখা ক্যাপ মাথায় দিয়ে এ প্রজ্ঞাপনে সই করেন তিনি। ট্রাম্প বলেন, ভবিষ্যতে কেউ যেন এসব স্থাপনা ভেঙে ফেলতে বা বড় ধরনের পরিবর্তন আনতে না পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যিক বৈশিষ্ট্য ও প্রেসিডেন্সির সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনায় এসব স্থাপনা সংরক্ষণের কথা বলা হয়েছে। জাতীয় উদ্যান পরিষদের মাধ্যমে স্মৃতিস্তম্ভটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।
তবে এ ঘোষণার ফলে ভবিষ্যৎ প্রেসিডেন্টদের ওভাল অফিসের সাজসজ্জা বা আসবাবপত্র পরিবর্তনের ক্ষমতা খর্ব হবে না। এমনকি নতুন প্রেসিডেন্ট চাইলে নির্বাহী আদেশের মাধ্যমে এ ঘোষণাও পরিবর্তন বা বাতিল করতে পারবেন।
এদিকে হোয়াইট হাউসের বিভিন্ন স্থাপনা সংস্কার ও নির্মাণকাজ নিয়ে ট্রাম্প প্রশাসন সমালোচনার মুখে রয়েছে। এর মধ্যে প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে নতুন বলরুম নির্মাণ, ইস্ট উইং ভেঙে ফেলা এবং আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির কাছে ২৫০ ফুট উঁচু বিজয়স্তম্ভ নির্মাণের পরিকল্পনা উল্লেখযোগ্য।
এসব প্রকল্পের ব্যয় ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে বিরোধী আইনপ্রণেতা ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনা রয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ