যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বলেছেন, স্মরণকালের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনাকে তিনি শোকের বিষয় বলে মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে ক্রুজ বলেন, ‘কমিউনিস্ট ও ইসলামপন্থিরা ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণ নিয়েছে। এখন তারা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়েছে। ফলে তারা এখন নিজেদের কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে।’
তিনি আরও বলেন, ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রতিদিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করবে।
ক্রুজের ভাষায়, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন শুনানি, সমন জারি, তার পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য ও ব্যবসায়ী নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ, প্রকাশ্য নিপীড়ন এবং বিরামহীন প্রতিশোধমূলক কর্মকাণ্ড চলবে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস ও অঙ্গরাজ্যের আইনসভায় জয়ী হয়ে ইতিহাস গড়েছেন আরব বংশোদ্ভূত ও মুসলিম প্রার্থীরা। মুসলিমবিরোধী বক্তব্য ও তাদের সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো প্রচারণার মধ্যেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন তারা। এবারের নির্বাচনে প্রথমবারের মতো একজন মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন। তিনি মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী ও মিসরীয় বংশোদ্ভূত চিকিৎসক আবদুল আল-সাইয়েদ। গাজায় ইসরাইলি হামলায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসা করা একজন শল্যচিকিৎসকও কংগ্রেসে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রার্থীও জয় পেয়েছেন।
নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা মুসলিম প্রার্থীদের লক্ষ্য করে প্রচারণা চালিয়েছিলেন। বিশেষ করে মিশিগানের আবদুল আল-সাইয়েদের বিরুদ্ধে উগ্রপন্থি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেও অন্তত সাতজন মুসলিম প্রার্থী কংগ্রেসে নির্বাচিত হয়েছেন।
সূত্র: আলজাজিরা
আরএ