হোম > বিশ্ব > আমেরিকা

শরণার্থীদের জন্য বরাদ্দ বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন

মিডল ইস্ট আই

শরণার্থী, অভিবাসী ও সংশ্লিষ্ট বিভিন্ন সেবার জন্য কংগ্রেসের অনুমোদিত ৮১০ মিলিয়ন ডলারের তহবিল বাতিলের উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় (ওএমবি) এ তথ্য জানিয়েছে।

গত শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের কাছে পাঠানো এক চিঠিতে প্রশাসন এই তহবিল বাতিলের প্রস্তাব দেয়। প্রস্তাবিত কাটছাঁটের আওতায় রয়েছে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবা, স্বরাষ্ট্র, আবাসন ও নগর উন্নয়ন এবং বিচার বিভাগ।

রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া বরাদ্দকৃত অর্থ বাতিলের চেষ্টা আইনবিরোধী। তিনি এ ধরনের পদক্ষেপ মোকাবিলায় সহকর্মীদের সঙ্গে কাজ করার কথা বলেছেন।

ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদিত ব্যয়ের নির্দিষ্ট অংশ প্রেসিডেন্ট একতরফাভাবে বাতিল করতে চাইছেন। তিনি এটিকে ‘পকেট রিসিশন’ এবং অবৈধ ‘লাইন-আইটেম ভেটো’ হিসেবে বর্ণনা করেছেন।

‘রিসিশন’ বলতে বোঝায়—প্রেসিডেন্ট কংগ্রেসকে আগে অনুমোদিত কোনো সরকারি বরাদ্দ বাতিল করার আহ্বান জানানো। তবে এ নিয়ে রাজনৈতিক ও আইনগত বিতর্ক তৈরি হয়েছে। এই তহবিল কাটছাঁটকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন কমানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রশাসন এর আগে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি সীমিত করার উদ্যোগ নিয়েছিল। তবে এ-সংক্রান্ত প্রেসিডেন্টের আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং সুপ্রিম কোর্টের রায়ে তা বাধাগ্রস্ত হয়।

এ ছাড়া নতুন সরকারি নির্দেশনার মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি না পাওয়া কিছু বৈধ শরণার্থীকে আটক করার ক্ষেত্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)- এর ক্ষমতা বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ভিসার মর্যাদা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রে থাকা বিদেশিদের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হয়েছে। এই নিয়ম অনুযায়ী, কিছু আবেদনকারীকে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশের মার্কিন দূতাবাস থেকে আবেদন করতে হতে পারে।

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরাইল, কয়েক দশকের সম্পর্কে ফাটল

আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা, বিপাকে ১৫ লাখের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বেড়ে ১০

ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র, পুরোপুরি স্বাভাবিক হবে কবে