হোম > বিশ্ব > আমেরিকা

রিপাবলিকানদের ভরাডুবি, যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে নতুন সংকটের আভাস

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষরা অভিযোগ তুলেছেন, তার নীতির কারণেই প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা দ্বিদলীয় মার্কিন সমর্থন হারিয়েছে ইসরাইল।

মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অজনপ্রিয় যুদ্ধ নিয়ে ব্যাপক অসন্তোষের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনরোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এ ফলাফলকে। ইসরাইলের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থীও নির্বাচনে জয় পেয়েছেন।

দলমত-নির্বিশেষে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ছিল ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। ১৯৭০-এর দশক থেকে প্রতি বছর ইসরাইলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। তবে আগের ইসরাইলি নেতাদের মতো রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা না করে নেতানিয়াহু প্রকাশ্যেই রিপাবলিকানদের পক্ষ নিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরু হলে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানদের একটি অংশের মধ্যেও ইসরাইলের প্রতি সমর্থন কমতে থাকে। এ বছর ট্রাম্প ও নেতানিয়াহুর নির্দেশে ইরানে যৌথ হামলা শুরুর পর সেই সমর্থনে আরও ভাটা পড়ে।

নির্বাচনি প্রচারে কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থী ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতাকে অন্যতম প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেন। মঙ্গলবার নির্বাচনের দিন ট্রাম্প ঘোষণা দেন, ইসরাইলকে বছরে দেওয়া ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা দ্রুত বন্ধ করে দেওয়া হবে।

ইসরাইলের কট্টরপন্থি দল ইসরাইল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান ট্রাম্পের এ ঘোষণাকে নেতানিয়াহুর প্রতি তার সমর্থনের সঙ্গে যুক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থনের মূল্য—প্রতিবছর ৩৮০ কোটি ডলার।’

ইসরাইলের বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়াইর গোলান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রমাণ করে, ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের কাছেই নেতানিয়াহু কতটা ‘বিষাক্ত’ হয়ে উঠেছেন।

গোলান সতর্ক করে বলেন, নেতানিয়াহু এবং অতি ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভিরের ক্ষমতায় থাকা অব্যাহত থাকলে ইসরাইল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বৈশ্বিক বিচ্ছিন্নতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পথে এগিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ইসরাইলের বন্ধু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র।

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু নির্বাচনে হেরেছেন। তিনি ইসরাইলের জন্য বিপজ্জনক।’

ইসরাইলের মধ্যপন্থি বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদও একই সুরে বলেন, নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে, নেতানিয়াহুর ক্ষমতায় থাকা ইসরাইলের পক্ষে আর বহন করা সম্ভব নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এতে আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, গণতন্ত্র বিপন্ন হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থান ধ্বংস হয়ে যাবে।’

তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল কিংবা সামরিক সহায়তা বন্ধের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর এখন পর্যন্ত নীরব রয়েছেন নেতানিয়াহু। এ বিষয়ে মন্তব্য জানতে তার দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে নতুন সমীকরণ

নেতানিয়াহু নাকি আইজেনকোট—শেষ পর্যন্ত কে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের দায়িত্ব পাবেন, তা স্পষ্ট হতে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও লেগে যেতে পারে।

ইসরাইলের প্রেসিডেন্ট প্রথমে যাকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, তাকে নতুন জোট গঠন করতে হবে। তিনি ব্যর্থ হলে অন্যজনকে একই সুযোগ দেওয়া হবে। দুজনই ব্যর্থ হলে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক উদি সোমার পূর্বাভাস দিয়েছেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেস ইতিহাসে সবচেয়ে বেশি বিরোধিতাপূর্ণ কংগ্রেসে পরিণত হতে পারে।

পররাষ্ট্রনীতির অধিকাংশ ক্ষমতা এখনো মার্কিন প্রেসিডেন্টের হাতে থাকলেও শুনানি, কংগ্রেসের নজরদারি এবং বাজেটসংক্রান্ত সিদ্ধান্তের মাধ্যমে ডেমোক্র্যাটরা ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে পারবেন বলে মনে করেন তিনি।

সোমার বলেন, ‘ডেমোক্র্যাটদের ভূমিধস বিজয় এবং রিপাবলিকানদের বিপর্যয়—যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্পর্কের পরবর্তী অধ্যায়ের চিত্র তুলে ধরছে।’

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

আরএ

নিউইয়র্ক পুনর্গঠনে জোহরান মামদানির নতুন রাজনীতি

আগামী সপ্তাহেই অভিশংসিত হতে পারেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরি করতে ট্রাম্পকে বিপদে ফেলছেন ভ্যান্স

‘ইসলামপন্থি ও কমিউনিস্টদের দখলে ডেমোক্রেটিক পার্টি’

রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোও ডেমোক্র্যাটদের নতুন দুর্গ

ডেমোক্র্যাটদের উদীয়মান তারকা জন অসফ, হতে পারবেন কি আগামীর ওবামা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম প্রার্থীরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কারÑ বিজয়ী ৩৪, ভোট গণনায় এগিয়ে ৩

ইসরাইল নিয়ে ট্রাম্পের মন্তব্য, রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ছক ভাঙলেন যেসব প্রার্থী