এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি আরোপের বিষয়ে দেওয়া নির্বাহী আদেশের মেয়াদ আরো এক বছর বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আদালতে আইনি চ্যালেঞ্জ থাকায় নতুন ফি কার্যকর হবে কি না, তা এখনো অনিশ্চিত।
২০২৬ সালের জুনে ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালত ১ লাখ ডলারের ফি বেআইনি কর হিসেবে উল্লেখ করে বাতিল করে দেয়। মার্কিন সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। একই সঙ্গে ইউএস চেম্বার অব কমার্সসহ ব্যবসায়ী সংগঠনগুলোও ফি বাতিলের দাবিতে আইনি লড়াই চালাচ্ছে।
এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অন্যান্য খাতে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয়। কর্মীদের বড় একটি অংশ ভারত ও চীন থেকে আসে। বর্তমানে পরিস্থিতি অনুযায়ী নিয়োগকর্তাদের ভিসা বাবদ প্রায় ২ হাজার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত ফি দিতে হয়।
২০২৫ সালে চালু হওয়া ১ লাখ ডলারের ফি সাধারণভাবে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় থাকা বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। বিদ্যমান এইচ-১বি ভিসার সাধারণ নবায়নও এর আওতার বাইরে ছিল।
ট্রাম্প প্রশাসনের দাবি, কিছু প্রতিষ্ঠান কম বেতনে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে মার্কিন কর্মীদের বিকল্প তৈরি করছে। তবে ব্যবসায়ী সংগঠনগুলোর বক্তব্য, এইচ-১বি কর্মসূচি উচ্চ দক্ষতার কর্মী নিয়োগ এবং দক্ষ জনবলের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ।
সূত্র: গালফ নিউজ
আর