ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির দুই প্রতিনিধি ইয়াসামিন আনসারি ও রো খান্না। সরকার পরিচালনার ব্যয় অনুমোদন এবং সম্ভাব্য অচলাবস্থা (শাটডাউন) এড়াতে আইনপ্রণেতাদের সামনে ১১ ডিসেম্বরের সময়সীমা থাকায় তারা এ আহ্বান জানান।
এক যৌথ ভিডিও বার্তায় ইয়াসামিন আনসারি বলেন, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৩ জন সেনাসদস্য এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি জ্বালানির মূল্য ও জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে।
রো খান্না বলেন, ‘আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘কংগ্রেস ভিয়েতনামে আক্রমণাত্মক সামরিক কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করার মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটিয়েছিল। ইরানের ক্ষেত্রেও আক্রমণাত্মক সামরিক কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করতে হবে।’
১১ ডিসেম্বরের সময়সীমার আগেই এ বিষয়ে পদক্ষেপ নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন দুই আইনপ্রণেতা। তাদের মতে, যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে সেই অর্থ দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক খাতে ব্যয় করা উচিত।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘এই যুদ্ধে আর কোনো মার্কিন করদাতার অর্থ ব্যয় করা যাবে না।’
সূত্র: আলজাজিরা
আরএ