মেক্সিকো সরকার জানিয়েছে, দেশটির মোস্ট ওয়ান্টেড অপরাধী এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) প্রধান নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন।
রোববার তাকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার সময় তার অনুগতদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। জালিস্কো রাজ্যের তাপালপা এলাকায় বিশেষ বাহিনী পরিকল্পিতভাবে এ অভিযান চালায়। অভিযানে সিজেএনজির চার সদস্য নিহত এবং তিন সেনাসদস্য আহত হন। মেক্সিকো কর্তৃপক্ষ জানায়, অভিযানে তথ্যসহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
৫৯ বছর বয়সি সাবেক পুলিশ কর্মকর্তা সার্ভান্তেস ‘এল মেনচো’ নামে পরিচিত ছিলেন এবং একটি শক্তিশালী অপরাধ চক্রের নেতৃত্ব দিতেন। তার সংগঠন যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন, মেথামফেটামিন ও ফেন্টানাইল পাচারের সঙ্গে জড়িত ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর তার গ্রেপ্তারের তথ্য দিলে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির বিশেষ বাহিনী, মেক্সিকান বিমান বাহিনী এবং ন্যাশনাল গার্ডের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সাঁজোয়া যান, রকেট লঞ্চারসহ বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়েছে।
নেতার মৃত্যুর পর সিজেএনজি বিভিন্ন স্থানে সহিংসতা চালায়। আটটি রাজ্যে গাড়িতে আগুন, সড়ক অবরোধ এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জালিস্কো ও তামাউলিপাসের পাশাপাশি মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লিওনের কিছু এলাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা জারি করেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের বেশির ভাগ এলাকায় স্বাভাবিক কার্যক্রম চলছে।
প্রত্যক্ষদর্শীরা আসন্ন ফিফা বিশ্বকাপের আয়োজক শহরগুলোর একটি গুয়াদালাজারাসহ বিভিন্ন শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন। জালিস্কো উপকূলে অবস্থিত পর্যটনকেন্দ্র পুয়ের্তো ভাল্লার্তায় অস্থিরতার কারণে হাজারো পর্যটক রিসোর্টে আটকা পড়েছেন। জালিস্কোর গভর্নর পাবলো লেমুস নাভারো কোড রেড সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন এবং গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
সহিংসতার জেরে ইউনাইটেড এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স ও এয়ার কানাডা পুয়ের্তো ভাল্লার্তা ও গুয়াদালাজারাগামী ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইট-ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, আটলান্টা থেকে গুয়াদালাজারাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অস্টিনে ঘুরিয়ে দেওয়া হয়।
মেক্সিকোতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার ল্যান্ডাউ সামাজিক মাধ্যমে এল মেনচোকে ‘সবচেয়ে রক্তাক্ত ও নিষ্ঠুর মাদকসম্রাটদের একজন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, তার মৃত্যু মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকার জন্য বড় ঘটনা হলেও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে কার্টেলের সহিংস প্রতিক্রিয়ায় পরিস্থিতি জটিল হতে পারে।
মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সিজেএনজিকে শক্তিশালী সিনালোয়া কার্টেলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে। সংস্থাটি জানিয়েছে, সিজেএনজি যুক্তরাষ্ট্রে মাদকের অন্যতম প্রধান সরবরাহকারী এবং ফেন্টানাইল উৎপাদন থেকে বিপুল অর্থ আয় করে।
২০২৫ সালের জুনে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে ৯ হাজার ২০০ পাউন্ড (৪ হাজার ১৮২ কেজি) ফেন্টানাইল জব্দ করা হয়েছে। এর প্রায় ৯৬ শতাংশ মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম সীমান্তে আটক করা হয়; উত্তর সীমান্তে কানাডা অংশে জব্দের হার ছিল ১ শতাংশেরও কম।
এসআর