হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, মৃতের সংখ্যা বেড়ে ৪

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামজনিত জটিলতার কারণে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই রোগের প্রাদুর্ভাবে ইতোমধ্যে শত শত মানুষ আক্রান্ত হয়েছে।

পেনসিলভানিয়ার মিফ্লিন কাউন্টি করোনার অফিস জানিয়েছে, ১৮ বছর বয়সি এক তরুণ হামের বিরল ও গুরুতর স্নায়বিক জটিলতা অ্যাকিউট এনসেফালোমাইলাইটিসের কারণে মারা গেছেন।

চলতি বছর কিস্টোন স্টেটে ৬০০ জনেরও বেশি হাম রোগী শনাক্ত হয়েছে, যার বেশির ভাগই ল্যাংকাস্টার কাউন্টির বাসিন্দা।

টিকার কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র ২০০০ সালে হাম নির্মূল করতে সক্ষম হয়েছিল। তবে চলতি বছর দেশটি ১৯৯০-এর দশকের পর থেকে ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চসংখ্যক মৃত্যুর রেকর্ড দেখল।

গত বছর টেক্সাসে হামের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছিল (যাদের মধ্যে দুই শিশু ছিল), যা প্রধানত মেনোনাইট সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকা নেওয়ার ব্যাপারে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বৃদ্ধি পাওয়ায় টিকাদানের হার কমে গেছে, যার ফলে হামে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

পেনসিলভানিয়া রাজ্য ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে ১৮ বছর বয়সি এবং ৪০ বছর বয়সি যে দুজন হামজনিত জটিলতায় মারা গেছেন, তারা উভয়ই টিকাবিহীন ছিলেন।

এছাড়া দুই শিশুর মৃত্যু হয়েছে। মার্কিন শিশুরা সাধারণত ১২ মাস বয়স না হওয়া পর্যন্ত তাদের প্রথম এমএমআর (হাম, মাম্পস এবং রুবেলা) টিকা পায় না।

হামের ভাইরাস (যার প্রধান বৈশিষ্ট্য হলো শরীরে লাল ছোপ ছোপ দাগ বা ফুসকুড়ি) টিকা আবিষ্কারের আগে প্রতি বছর লাখ লাখ শিশুকে সংক্রমিত করত।

অত্যন্ত সংক্রামক এই ভাইরাস মারাত্মক হতে পারে এবং কিছু রোগীর ক্ষেত্রে এনসেফালাইটিস ও স্মৃতিশক্তি লোপ পাওয়ার মতো দীর্ঘমেয়াদি জটিলতা দেখা দিতে পারে।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, হার্ড ইমিউনিটি বা গোষ্ঠীগত প্রতিরোধক্ষমতা অর্জনের জন্য প্রায় ৯৫ শতাংশ মানুষের টিকা গ্রহণ করা প্রয়োজন।

ডেমোক্রেটিক গভর্নর জশ শাপিরো মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে লিখেছেন, ‘এই রোগ ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মূল বলে ঘোষণা করা হয়েছিল, অথচ কয়েক দশক পরে কম টিকাদানের হারের কারণে আমরা এর পুনরুত্থান দেখছি।’

পেনসিলভানিয়ায় এসব মৃত্যুর খবর প্রকাশের পর গভর্নর শাপিরো ও স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শাপিরো কেনেডির বিরুদ্ধে টিকা সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন এবং দাবি করেছেন যে, মৃতদের পরিবারকে রক্ষা করার জন্য তিনি শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার কাছে মৃত্যুর বিষয়ে তথ্য গোপন রাখবেন।

অন্যদিকে, কেনেডি প্রশ্ন তুলেছেন যে, শিশু দুটির মৃত্যু আসলেই হামের কারণে হয়েছিল কি না।

গত শনিবার পেনসিলভেনিয়ার জেফারসন কাউন্টিতে ৪০ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়। ময়নাতদন্তকারী জানিয়েছেন, হামজনিত কারণে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।

ল্যাংকাস্টার কাউন্টির করোনার স্টিভেন ডায়ামান্টোনি জানিয়েছেন, গত ১৮ অগাস্ট হামে আক্রান্ত হয়ে ছয় সপ্তাহ বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে, যে বিরল জিনগত রোগ 'আমিশ লেথাল মাইক্রোসেফালি' নিয়ে জন্মগ্রহণ করেছিল।

ডায়ামান্টোনি আরো জানিয়েছেন, হামে আক্রান্ত অপর এক শিশু গত ১৪ অগাস্ট জন্ম নেওয়ার পরপরই মারা যায়।

তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে স্লিন ল্যাসারেইশন বা প্লীহা ফেটে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়াকে তালিকাভুক্ত করা হয়েছে।

হামের সংক্রমণে প্লীহা বড় হতে পারে, যা প্লীহা ফেটে যাওয়ার ঝুঁকি বাড়ায়। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুটি হাম সংক্রমণের ফলেই ঘটেছে, যার ফলে প্লীহা ফেটে গিয়েছিল।

এই রাজ্যে প্রথম দুটি মৃত্যুর পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাপিরোর বিরুদ্ধে রাজনৈতিক ভণ্ডামির অভিযোগ এনেছিলেন কেনেডি।

স্বাস্থ্যসচিব বলেছেন যে, পর্যালোচনা সম্পন্ন হওয়ার পরই মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র মৃত্যুর সংখ্যা সংক্রান্ত তথ্য হালনাগাদ করবে।

পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সর্বশেষ দুটি মৃত্যুর ঘটনা আসলেই হামের কারণে ঘটেছে কি না, তা নিশ্চিত করতে তদন্ত চালিয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই তদন্তগুলোতে হামের সংক্রমণের ক্লিনিক্যাল প্রমাণ নিশ্চিত করা, একটি ইতিবাচক ল্যাব টেস্ট এবং মৃত্যুটি অন্য কোনো কারণে হয়নি তা যাচাই করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

এদিকে, যুক্তরাষ্ট্র হাম নির্মূলের মর্যাদা হারাবে কি না, এ বিষয়ে আগামী নভেম্বর মাসে একটি প্যানেল সিদ্ধান্ত নেবে, যা কানাডা গত বছরই হারিয়েছিল।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কেনেডির সমালোচনা করে যুক্তি দিয়েছেন যে তার বক্তব্য এবং মার্কিন টিকানীতির পরিবর্তন প্রাদুর্ভাব রোধের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।

টিকা নিয়ে সন্দিহান কেনেডি এমএমআর টিকা সম্পর্কে মিশ্র বার্তা শেয়ার করেছেন, অথচ এই টিকা নিরাপদ এবং কার্যকর বলে প্রমাণিত।

স্বাস্থ্যসচিব বলেছেন যে, ক্রমবর্ধমান হামের প্রাদুর্ভাব একটি বৈশ্বিক সমস্যা।

গত মাসে সিনেট কমিটির সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, অনেক দেশ তাদের হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে। পুরো বিশ্ব তাদের সবচেয়ে খারাপ হামের বছর পার করছে।

সূত্র: বিবিসি বাংলা

আরএ

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

যেভাবে পাল্টে যাচ্ছে নতুন প্রজন্মের মুসলিমদের রাজনৈতিক ভূমিকা

ডাকযোগে ভোটের ওপর ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল আদালত

গাজায় ইসরাইলি অপরাধে মার্কিন মদত বন্ধের দাবি রাশিদা তালিবের

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম ১০ ডলার, অচল পাম্পের ডিসপ্লে!

নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়ি বিক্রি

পেন্টাগনে নাইন ইলেভেনের স্মরণ, আফগান যুদ্ধের পরিণতিতে ফিরে তাকাচ্ছে বিশ্ব

নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান হিলারির