হোম > বিশ্ব > আমেরিকা

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আফগানিস্তান ছেড়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া শরণার্থীদের পাকিস্তানে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। আগামী সোমবার থেকেই তাদের বহনকারী উড়োজাহাজ পাঠানো হতে পারে। তবে পাকিস্তানে পাঠানোর পর এসব শরণার্থীকে আবারো তালেবান শাসিত আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী ও তাদের স্বজনেরা।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত এই প্রত্যাবাসন ফ্লাইটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আটক শরণার্থীদের পরিবারের সদস্য ও মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এ ফ্লাইট পরিচালিত হতে পারে।

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যাম্প আস সাইলিয়ায় থাকা আফগান শরণার্থীদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাদের সরিয়ে নেওয়ার সময়সীমা কয়েক দফা বাড়িয়েছে মার্কিন সরকার।

প্রথমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ৩১ মার্চের মধ্যে ক্যাম্পটির সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হবে। পরে এ সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। এরপর গত সেপ্টেম্বরে ক্যাম্পটি বন্ধের সময়সীমা আরো নয় মাস পিছিয়ে দেয় ট্রাম্প প্রশাসন।

এর আগে চলতি বছর কাতারের এই ক্যাম্প থেকে আফগান শরণার্থীদের কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) স্থানান্তরের বিষয়টিও বিবেচনা করেছিল মার্কিন প্রশাসন। ওই সময় দেশটিতে ইবোলার প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়।

এবার পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা সামনে আসায় শরণার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকারকর্মী ও তাদের পরিবারের আশঙ্কা, পাকিস্তানে পাঠানোর পর তাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে।

আফগান শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আফগানইভ্যাক শুক্রবার এক বিবৃতিতে প্রশাসনের এই পরিকল্পনার সমালোচনা করেছে। সংগঠনটির অভিযোগ, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে জনসাধারণের মনোযোগের সুযোগ নিয়ে গোপনে এই ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংগঠনটি বলেছে, ‘এসব ফ্লাইট কোথায় অবতরণ করবে, সরকার তা জানাতে চাইছে না। কারণ, সেখানে পৌঁছানোর পর যাত্রীদের পরিণতি কী হতে পারে, তা তারা জানে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘নিজেদের পদক্ষেপের বিষয়ে আত্মবিশ্বাসী কোনো সরকার তা গোপন করে না।’

কাতারের ক্যাম্পে থাকা আফগান শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে কয়েক মাসের অনিশ্চয়তার মধ্যেই নতুন এই পরিকল্পনার খবর সামনে এল।

তবে প্রস্তাবিত ফ্লাইটের গন্তব্য ও যাত্রার সময় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মার্কিন সরকার।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমএমআর

ভোটের বাকি তিন দিন, জরিপে এগিয়ে ট্রাম্পবিরোধীরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে ভুয়া জরিপ

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

বলসোনারোর যুক্তরাষ্ট্রে পলায়ন, আর্জেন্টিনার কূটনীতিককে তলব ব্রাজিলের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

মৃত্যুদণ্ড কার্যকরে প্রাণঘাতী ওষুধ প্রয়োগের পরও বেঁচে যান, যা বললেন নারী আসামি

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থী আল-সাইয়েদকে যে ভাষায় আক্রমণ করছেন ট্রাম্পসহ বিরোধীরা

বিশ্বজুড়ে রাজনৈতিক পতনের দ্বারপ্রান্তে ট্রাম্প

অসুস্থদের কর্মছাড় পেতে শারীরিক অক্ষমতার প্রমাণ দেওয়ার নিয়ম আটকে দিলেন মার্কিন বিচারক

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩