মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা আশঙ্কা করছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ তার দ্বিতীয় মেয়াদের পরও চলতে পারে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রকাশ্যে বারবার দাবি করছেন, নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। তবে তার ঘনিষ্ঠ শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগত আলোচনায় তাকে আরও নিরাশাব্যঞ্জক পূর্বাভাস দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তারা ট্রাম্পকে সতর্ক করেছেন, মার্কিন চাপ সত্ত্বেও ইরান তার দ্বিতীয় মেয়াদের বাকি সময়জুড়ে প্রতিরোধ চালিয়ে যেতে পারে।
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুদ্ধটি রিপাবলিকানদের জন্য ক্রমেই অস্বস্তির কারণ হয়ে উঠছে। দীর্ঘায়িত ও কার্যত অচলাবস্থায় থাকা এই সংঘাতের প্রভাবে জ্বালানির দামও বেড়ে গেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। দুই পক্ষই তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
এদিকে ইরানের অর্থনীতিকে আরো চাপে ফেলতে ট্রাম্প প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোকেও শাস্তির মুখে পড়তে হতে পারে।
ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়কে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাফল্য কিংবা ব্যর্থতার নির্ধারক হিসেবে তুলে ধরছেন। একই সঙ্গে যুদ্ধের কারণে অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, সেটিকে তিনি সাময়িক ও প্রয়োজনীয় ত্যাগ হিসেবে দেখাচ্ছেন। তার দাবি, ইরানকে দুর্বল করা এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই এই চাপ প্রয়োজন।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমএমআর