হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে অভিবাসী বহিষ্কারে অতীতের সব রেকর্ড ভাঙল ট্রাম্প প্রশাসন

আলজাজিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অভিবাসী বহিষ্কারে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ২০২৬ অর্থবছরে দেশটি থেকে ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনকে বহিষ্কার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। একই সময়ে ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস) গত বুধবার এ তথ্য জানিয়েছে।

আইসিইর ২৩ বছরের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি মানুষকে বহিষ্কারের ঘটনা আগে ঘটেনি। এর আগে ২০২৫ সালে সর্বোচ্চ ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে বহিষ্কারের রেকর্ড ছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প তার প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান ‘মাত্রাতিরিক্ত কঠোর’ হয়ে থাকতে পারে বলে স্বীকার করার কয়েক দিন পর এই পরিসংখ্যান প্রকাশ করা হলো।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এক বিবৃতিতে বলেন, ‘২০২৬ অর্থবছরে আইসিইর ইতিহাসে সবচেয়ে বেশি অভিবাসীকে গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়েছে। গ্রেপ্তারের দিক থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসও আইসিইর ইতিহাসে সেরা সেপ্টেম্বর ছিল।’

আইসিই জানিয়েছে, গত সেপ্টেম্বরে ৪৮ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আগস্টে ৫০ হাজার ৯২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। টানা দুই মাস রেকর্ডসংখ্যক গ্রেপ্তারের পর সেপ্টেম্বরে এই সংখ্যা কিছুটা কমে আসে।

পরিসংখ্যান নিয়ে প্রশ্ন

ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের (সিআইএস) গবেষণা পরিচালক স্টিভেন ক্যামারোটা আলজাজিরাকে বলেন, আগের যেকোনো প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্প প্রশাসন অভিবাসন আইন প্রয়োগে বেশি কঠোর হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আইন প্রয়োগের ভয়ে যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় চলে যাওয়া মানুষের সংখ্যা বাড়ায় অবৈধ অভিবাসীর জনসংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে প্রমাণ রয়েছে।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে অস্পষ্টতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ক্যামারোটা বলেন, ‘এই তথ্য সব সময়ই অসম্পূর্ণ থাকে এবং সঠিকভাবে পরিমাপ করাও কঠিন। প্রকাশিত সংখ্যাগুলোর ক্ষেত্রে যে বিষয়টি আমি এখনো বুঝতে পারিনি, তা হলো—গ্রেপ্তার হওয়া বা বহিষ্কৃত ব্যক্তিদের কত শতাংশ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পরিচালিত অভিযানে আটক হয়েছেন, কত শতাংশকে দেশটির অভ্যন্তর থেকে বহিষ্কার করা হয়েছে এবং কত শতাংশকে সীমান্ত বা বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, বহিষ্কারের সংখ্যা বাড়লে তা মানুষকে নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করতে পারে। আর মানুষকে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বাধ্য করা ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।

‘অতিরিক্ত কঠোর’ অভিবাসন নীতি

ট্রাম্প সম্প্রতি স্বীকার করেছেন, তার প্রশাসনের অভিবাসন নীতি ‘মাত্রাতিরিক্ত কঠোর’ হয়ে থাকতে পারে।

সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেকেই বলবেন, এটি দারুণ। তবে অনেকের কাছে এটি অতিরিক্ত কঠোর মনে হতে পারে।’

তবে নিজের প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানকে সফল বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘মানুষকে দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে আমি অনেক ভালো নম্বর পাব। খারাপ লোকদের বের করে দেওয়ার ক্ষেত্রে আমার ফলাফল খুব ভালো। তবে ভালো চাকরি করা লোকদেরও আমরা বহিষ্কার করেছি বলে আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের অপরাধ ছিল একটাই—তারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন।’

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তাও কমেছে। রয়টার্স ও ইপসোসের জরিপ অনুযায়ী, এ বিষয়ে তাঁর প্রতি সমর্থন কমে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতে এই হার ছিল ৫০ শতাংশ।

আইসিইর কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ডেমোক্র্যাটদের

আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান বন্ধে উদ্যোগ নিতে পারে ডেমোক্রেটিক পার্টি। তারা আইসিইর অভিযানের কৌশল ও কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিবাসীদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা করছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে তাদের ক্ষমতা সীমিত থাকবে।

মিসিসিপির ডেমোক্র্যাট নেতা বেনি থম্পসন আগামী দিনে প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান হতে যাচ্ছেন। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমেরিকানদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার এবং নিয়ন্ত্রণহীন অভিবাসন নীতি নিয়ে আমরা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করব।’

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী অঙ্গরাজ্যগুলো থেকে নির্বাচিত প্রতিনিধি ও বর্তমান আইনপ্রণেতাদের সঙ্গে বক্তব্য দেন টেক্সাসের মধ্যপন্থি ডেমোক্র্যাট নেতা হেনরি কুয়েলার। তিনি বলেন, অপরাধে জড়িত ব্যক্তিদের বহিষ্কারের বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে তার আলোচনা হয়েছে।

কুয়েলার বলেন, ‘আমরা চরমপন্থি অবস্থান নেব না।’ এ সময় তিনি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ভোটারদের কথাও উল্লেখ করেন, যারা এবার ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

তবে দলের কয়েকজন নেতার বক্তব্য ছিল আরো কঠোর। মিনেসোটায় বিজয় উদ্‌যাপনের সময় নবনির্বাচিত সিনেটর পেগি ফ্লানাগান বলেন, ‘আমরা আইসিইকে ভেঙে চুরমার করে দেব।’

গত জানুয়ারিতে মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযান জোরদার করার সময় কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুজন নিহত হন। তাদের একজন অ্যালেক্স প্রেটি, অন্যজন রেনে নিকোল গুড। দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। মিনিয়াপোলিসে পৃথক দুটি ঘটনায় তাদের গুলি করে হত্যার ঘটনা পথচারীদের ধারণ করা ভিডিওতে উঠে আসে।

ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আন্তর্জাতিক পর্যায়েও ক্ষোভ তৈরি হয়। এ ছাড়া প্রকাশিত অন্য ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা অভিবাসন কর্মকর্তারা রাসায়নিক পদার্থ ব্যবহার করছেন এবং বেসামরিক নাগরিকদের মারধর করছেন। এসব নাগরিকের কেউ কর্মকর্তাদের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করছিলেন, কেউ প্রতিবাদ জানাচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড সুরক্ষিত অধিকার হিসেবে স্বীকৃত।

এএম

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান ‘ইহুদিবিদ্বেষ’ নিয়ে ট্রাম্পের উদ্বেগ

মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেওয়ার দৌড়ে ইসরাইলের সমালোচক ক্রিস

ক্ষমতা ছাড়ার আগেই কিউবায় সরকার উৎখাতের হুমকি ট্রাম্পের

ইরানের বর্তমান সরকার টিকে থাকলে তা হবে আমার পরাজয়: ট্রাম্প

কালশির উপদেষ্টার পদ ছাড়ছেন ট্রাম্প জুনিয়র

পরকীয়া কেলেঙ্কারি ও নিরাপত্তা উদ্বেগে এনভিডিয়ার সিইওর পদত্যাগ

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮, আহত ১৯

বিশ্বব্যাপী মার্কিন সামরিক হস্তক্ষেপের ২৫ বছর

‘সন্ত্রাসী’ অপবাদ থেকেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নাবিলার বিস্ময়কর উত্থান

হেগসেথের সফরসঙ্গীদের ধমক দিলেন সমাধিসৌধের প্রহরী