হোম > বিশ্ব > এশিয়া

১০ হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত

আমার দেশ অনলাইন

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে সামরিক অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই অভিযানে ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণা শুরু করলে এসব তথ্য উঠে আসে।

আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পাঠের সময় বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপরও হামলা চালিয়েছে।

১৫ বিচারপতির সমন্বয়ে গঠিত আদালতের রায় পাঠের কার্যক্রম প্রায় তিন ঘণ্টা চলার কথা রয়েছে। আদালতের এই সিদ্ধান্তে নির্ধারিত হবে, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান গণহত্যা হিসেবে গণ্য হবে কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় কতটুকু।

আদালত রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতার বিষয়টি প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেছে। তবে রায় পাঠের কার্যক্রম চলমান থাকায় চূড়ান্ত সিদ্ধান্তের বিস্তারিত তখনো প্রকাশিত হয়নি।

২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত সামরিক অভিযান চালানো হয়েছিল। এতে গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মিয়ানমার।

অন্যদিকে, মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল।

১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতিগত, ধর্মীয়, বর্ণগত বা জাতীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে হত্যাকাণ্ডসহ নির্দিষ্ট কিছু অপরাধ সংঘটিত হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হয়। এ ক্ষেত্রে অপরাধের পাশাপাশি জনগোষ্ঠীটিকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যও প্রমাণ করতে হয়।

গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী ঘোষণা, অপরাধীদের বিচারের আওতায় আনা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপদে নিজ দেশে ফেরার অধিকার নিশ্চিত করার নির্দেশনা চেয়েছে।

২০১৭ সালের সামরিক অভিযানের পর প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে অগ্নিকাণ্ড, সংক্রামক রোগ, বর্ষায় ভূমিধস, অপর্যাপ্ত স্যানিটেশন এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতাসহ নানা সংকট রয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। তবে আদালতের নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়নের সরাসরি কোনো ব্যবস্থা নেই। কোনো রাষ্ট্র রায় অমান্য করলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা যেতে পারে।

রোহিঙ্গা গণহত্যার এই মামলার রায় আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। কারণ, আদালত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী ঘোষণা করলে সেটি হবে আইসিজের ইতিহাসে প্রথম এমন সিদ্ধান্ত। একই সঙ্গে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলাসহ আন্তর্জাতিক আদালতে চলমান অন্যান্য মামলার ক্ষেত্রেও এই রায়ের প্রভাব পড়তে পারে।

সূত্র: এবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্স

রোহিঙ্গা গণহত্যায় জড়িত মিয়ানমারের সেনাবাহিনী: আইসিজে

রোহিঙ্গাদের বংশবৃদ্ধি ঠেকাতে রাষ্ট্রীয় পরিকল্পনা ছিল মিয়ানমারের: আইসিজে

আইসিজের রায়ের অপেক্ষায় কক্সবাজারের রোহিঙ্গারা

চীনে তিন পরাশক্তির বৈঠক আজ

ঔপনিবেশিক যুগ শেষ, বিশ্বব্যবস্থায় পরিবর্তন আনতে হবে: আনোয়ার ইব্রাহিম

চীনে পৌঁছালেন পুতিন, ট্রাম্প-জিনপিংয়ের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক

দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই-যুক্ত স্মার্ট চশমা দিয়ে জালিয়াতি

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পরিবেশ তৈরির আহ্বান জাতিসংঘের

দক্ষিণ চীন সাগর নিয়ে মতপার্থক্য, চুক্তি চূড়ান্ত হয়নি আসিয়ান সম্মেলনে