দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের নেতারা বলেছেন, মিয়ানমারের চলমান সংকট সমাধানে তাদের দীর্ঘদিনের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি হলে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
রোববার ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে ১১ সদস্যের জোটের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত আসিয়ানের শীর্ষ সম্মেলন এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারকে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ না দেওয়ার নীতি বহাল থাকবে।
তবে তারা জানিয়েছেন, মিয়ানমার যদি জোটের প্রস্তাবিত পাঁচ দফা ঐকমত্য বা ‘ফাইভ-পয়েন্ট কনসেনসাস’ (৫পিসি) বাস্তবায়নে ধারাবাহিক ও সুনির্দিষ্ট অগ্রগতি অর্জন করে, তাহলে পর্যায়ক্রমে দেশটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, আসিয়ান সদস্য দেশগুলোর পক্ষ থেকে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ ও আলোচনার উদ্যোগকেও কার্যত সমর্থন জানিয়েছে জোটটি।
সাম্প্রতিক মাসগুলোতে থাইল্যান্ডসহ আসিয়ানের কয়েকটি সদস্যদেশ মিয়ানমারের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়িয়েছে। এর ফলে জোটের উচ্চপর্যায়ের বৈঠকে দেশটির সামরিক বাহিনী-সমর্থিত নেতাদের অংশগ্রহণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার জন্য চাপ তৈরি হয়েছে।
সম্মেলনে গৃহীত এক যৌথ সিদ্ধান্তে নেতারা বলেন, ‘মিয়ানমার যদি ৫পিসি বাস্তবায়নে ধারাবাহিক ও সুনির্দিষ্ট অগ্রগতি অর্জন করে, তাহলে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে পুনর্বহালের বিষয়টি বিবেচনা করতে পারে আসিয়ান।’
তারা আরো বলেন, ‘৫পিসি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের লক্ষ্যে আসিয়ান চেয়ারম্যানের সঙ্গে পরামর্শক্রমে সংশ্লিষ্ট সব পক্ষের গঠনমূলক যোগাযোগ বজায় রাখতে সদস্যদেশগুলোর নিজস্ব উদ্যোগকেও আমরা উৎসাহিত করছি।’
২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পরপরই আসিয়ান পাঁচ দফা ঐকমত্য গ্রহণ করে। এতে দেশটিতে অবিলম্বে সহিংসতা বন্ধ, সব পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ শুরু, আসিয়ানের মধ্যস্থতায় সংকট সমাধান এবং মানবিক সহায়তা প্রদানের কথা বলা হয়।
মিয়ানমারের সেনাবাহিনী-সমর্থিত সরকার আসিয়ানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। এর জেরে শুরু হওয়া গৃহযুদ্ধে জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
অভ্যুত্থানের নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইংয়ের সামরিক বাহিনী চীন, ভারত ও রাশিয়ার সমর্থন পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে তার প্রশাসন আন্তর্জাতিক পর্যায়ে ক্রমবর্ধমান স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গোপন আলোচনাও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিয়ানমারকে দীর্ঘদিন বিচ্ছিন্ন রাখার নীতি থেকে সরে আসায় এ যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স
আরএ