বৈশ্বিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে থাকায় অভ্যন্তরীণ বাজারে প্রভাব কমাতে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে চীন। দেশটির সরকার জ্বালানির মূল্য নির্ধারণ ব্যবস্থায় সাময়িক পরিবর্তন এনে দাম বৃদ্ধির হার সীমিত করেছে।
সরকারি বার্তা সংস্থা জিনহুয়া জানায়, এক দশকেরও বেশি সময় আগে চালু হওয়া জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থার পর এই প্রথম এমন হস্তক্ষেপ করল বেইজিং। দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা এনডিআরসি মধ্যরাত থেকে পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বৃদ্ধি করলেও ‘সাময়িক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা’ গ্রহণ করে তা সীমিত রাখে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম প্রতি মেট্রিক টনে ১,১৬০ ইউয়ান এবং ডিজেলের দাম ১,১১৫ ইউয়ান বাড়ানো হয়েছে। অথচ কোনো হস্তক্ষেপ না হলে এই বৃদ্ধি যথাক্রমে ২,২০৫ ইউয়ান ও ২,১২০ ইউয়ান হতে পারত। এই সমন্বয়কে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি মূল্যবৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এনডিআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে ‘অস্বাভাবিক’ মূল্যবৃদ্ধির ধাক্কা কমানো, ভোক্তা ও শিল্পখাতের ওপর চাপ হ্রাস এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
সংস্থাটির কর্মকর্তা লু ঝিচেন রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বৈশ্বিক তেলের দাম আরো বাড়লে সরকার সরবরাহ স্থিতিশীল রাখতে কর ও ভর্তুকি সহায়তা দিতে পারে।
উল্লেখ্য, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গত কয়েক বছর ধরেই চীন তাদের কৌশলগত তেলের মজুদ বৃদ্ধি, আমদানিতে বৈচিত্র্য আনা এবং সৌর, বায়ু ও বৈদ্যুতিক যানবাহনের মতো পরিবেশবান্ধব জ্বালানি খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে আসছে।