ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় দ্বীপ সামার দ্বীপ-এ ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৭৩.৩ কিলোমিটার এবং এর কেন্দ্র ছিল উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ভূমিকম্পটি “হঠাৎ এবং তীব্র” ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একজন পুলিশ কর্মকর্তা জানান, ভূমিকম্পের সময় থানার ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আসবাবপত্র নড়ে ওঠে, যার ফলে কর্মকর্তারা আফটারশকের আশঙ্কায় বাইরে অবস্থান নেন।
ফিলিপাইন ভূমিকম্পপ্রবণ দেশ, কারণ এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে—যেখানে জাপান থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তীব্র ভূকম্পন সক্রিয়তা বিদ্যমান।
এর আগে অক্টোবর মাসে মিন্দানাও অঞ্চলে ৭.৪ ও ৬.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত হয়েছিলেন। একই মাসে সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে ৭৬ জন নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এসআর