হোম > বিশ্ব > এশিয়া

নেপালে ফের বিপর্যয়, তুষারধসে পর্বতারোহীসহ নিখোঁজ ১০

আমার দেশ অনলাইন

নেপালের মানাং জেলার নার-ফু এলাকায় ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমালয়ের বেসক্যাম্পে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে বলে অভিযান পরিচালনাকারী সংস্থাগুলো জানিয়েছে। নিখোঁজদের মধ্যে পর্বতারোহী ও বিভিন্ন অভিযানের সহায়ক কর্মী রয়েছেন।

এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপালের (ইওএএন) সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারি জানান, নিখোঁজ ১০ জনের মধ্যে দুজন ইমাজিন নেপাল প্রাইভেট লিমিটেডের এবং আটজন হিমালয়ান হলিডেজ নেপালের সঙ্গে যুক্ত। তুষারধসে বেসক্যাম্পের তাঁবুগুলো চাপা পড়ে যাওয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অভিযান সংগঠক মিংমা গ্যালজে শেরপাও জানান, তার দলের রান্নাঘরের দুই কর্মী নিখোঁজ রয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে ওই এলাকায় ব্যাপক তুষারপাত হচ্ছিল। আগেই আবহাওয়া সতর্কতা জারি হওয়ায় অধিকাংশ পর্বতারোহী ও দড়ি স্থাপনের কাজে নিয়োজিত দল পাহাড়ের ঢাল থেকে নিচে নেমে এসেছিল। তবে কিছু লোক বেসক্যাম্প এলাকায় অবস্থান করছিলেন।

নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রামকৃষ্ণ লামিছানে জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে।

হিমলুং হিমাল তিব্বত সীমান্তের কাছে অবস্থিত এবং উচ্চ-উচ্চতার পর্বতারোহণে অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী পর্বতারোহীদের কাছে এটি পরিচিত একটি গন্তব্য। পাহাড়টিতে হেলিকপ্টারে পৌঁছাতেও অতিরিক্ত অনুমতির প্রয়োজন হয়, ফলে জরুরি উদ্ধার অভিযান পরিচালনা আরও জটিল হতে পারে।

তুষারধসের সময় নেপালের বিভিন্ন পাহাড়ি এলাকায় কয়েক দিন ধরে প্রচুর তুষার ও বৃষ্টিপাত চলছিল। বঙ্গোপসাগর থেকে আসা আবহাওয়া ব্যবস্থার প্রভাবে দেশের পাহাড়ি এলাকায় তুষারপাত এবং নিম্নাঞ্চলে ভারি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে বিভিন্ন সড়ক বন্ধ হয়েছে এবং মানাসলু ও ধৌলাগিরিসহ কয়েকটি পর্বতারোহণ অভিযান স্থগিত বা বাতিল করা হয়েছে। পর্যটন কর্তৃপক্ষও পরিস্থিতির অবনতি হওয়ায় ট্রেকিং ও পর্বতারোহণ সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

সূত্র: কাঠমুন্ডু পোস্ট, ওপেন ম্যাগাজিন, এনডিটিভি ও আনন্দবাজার

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

নদীপাড়ের ভাড়া ঘর থেকে প্রেসিডেন্ট ভবন, সারল্যই ছিল জোকো উইদোদোর শক্তি

পাকিস্তানের ওপর নির্ভরতা কাটাতে চায় আফগানিস্তান, চীন সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

ইসরাইলের নাগরিকদের পাওয়া গেলেই বহিষ্কার করবে মালয়েশিয়া

আদালতের নির্দেশে গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আজাদ জম্মু ও কাশ্মীরে ৩৮ দফা দাবিতে কেন বিক্ষোভ