ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো শনিবার একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বেশ কয়েকবার ‘ফ্রি প্যালেস্টাইন’ বা ফিলিস্তিন মুক্ত হোক স্লোগান দেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদুলফাত্তাহ এ কে আল-সাত্তারি প্রবোওর হাতে একটি কেফিয়েহ তুলে দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারার প্রতিবেদনে বলা হয়, কেফিয়েহ গ্রহণের পর প্রবোও আবার মঞ্চে ফিরে আসেন। এ সময় কেফিয়েহ দিয়ে তাকে চোখ মুছতে দেখা যায়।
এরপর প্রবোও বেশ কয়েকবার ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।
তিনি বলেন, ইন্দোনেশিয়া যদি ‘শক্তিশালী’ হয়, তাহলে অন্য শাসনব্যবস্থার হাতে নিপীড়িত আমাদের ভাই-বোনদের সহায়তা করতে পারব।
প্রাবোও বলেন, ফিলিস্তিনিদের ওপর চলমান হামলা ইন্দোনেশিয়ার জন্য তার জাতীয় শক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি অনুপ্রেরণা বা তাগিদ হিসেবে কাজ করা উচিত।
তিনি উল্লেখ করেন যে, একটি জাতির শক্তি নির্ভর করে তার স্বনির্ভর হওয়ার সক্ষমতার ওপর।
তিনি বলেন, একটি জাতির শক্তি তার স্বনির্ভরতার ওপর নির্ভরশীল এবং প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে ইন্দোনেশিয়াকে অবশ্যই নিজেকে পরিচালনা, সুরক্ষা ও শক্তিশালী করে তুলতে হবে।
ইন্দোনেশিয়া যেন আর কখনোই কোনো শক্তির উপনিবেশে পরিণত না হয়, তা নিশ্চিত করতে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার গুরুত্বের ওপরও জোর দেন প্রাবোও।
তিনি বলেন, আমাদের অবশ্যই দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে যেন আমরা আর কখনোই কারও উপনিবেশে পরিণত না হই। আমাদের শক্তিশালী হতে হবে।
এমএমআর