দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করতে মালয়েশিয়াকে ৫০টি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট কিট দিয়েছে মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সঙ্গে স্পেসএক্সের একটি প্রতিনিধিদলের বৈঠকের সময় এ অনুদানের ঘোষণা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনোয়ার বলেন, স্টারলিংকের মাধ্যমে সহযোগিতা আরও জোরদার এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ইন্টারনেট সংযোগ বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন উদ্যোগ ‘জেনডেলা’র আওতায় ইন্টারনেটের আওতা বাড়ানো ও সেবার মান উন্নয়নে স্টারলিংক মালয়েশিয়া সরকারকে সহযোগিতা করছে। এর মধ্যে সাবাহ ও সারাওয়াকের প্রত্যন্ত এলাকা এবং উপদ্বীপীয় মালয়েশিয়ার ওরাং আসলি জনগোষ্ঠীর বসতিগুলোও রয়েছে।
আনোয়ার সাইবারজায়ায় স্টারলিংকের ‘পয়েন্ট অব প্রেজেন্স’ (পিওপি) অবকাঠামো চালু হওয়ার বিষয়টিকেও স্বাগত জানান। তার মতে, এর ফলে স্থানীয় তথ্য আদান-প্রদান সহজ হবে এবং ব্যবহারকারীদের সেবার মান আরও উন্নত হবে।
তিনি বলেন, “প্রযুক্তিগত অগ্রগতির সুফল অবশ্যই মানুষের জীবনে বাস্তব সুবিধা নিয়ে আসতে হবে।”
আনোয়ার আরও বলেন, ইন্টারনেট সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারকেও অগ্রাধিকার দিতে হবে।
সরকারের লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে মানসম্মত ও নিরাপদ ইন্টারনেট সেবার আওতায় আনা, যাতে উন্নয়নের ক্ষেত্রে তারা পিছিয়ে না পড়ে।
প্রচলিত টেলিযোগাযোগ অবকাঠামো স্থাপন যেখানে কঠিন বা সীমিত, সেসব এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়িয়েছে মালয়েশিয়া।
এমএমআর