থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, ভবনটিতে একটি যানবাহন ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
থাই কর্তৃপক্ষের তথ্যমতে, স্থানীয় সময় রোববার রাত ৩টা ১৭ মিনিটে (জিএমটি ২০১৭) আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই বলে জানিয়েছে পুলিশ।
অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাটং সৈকতের কাছাকাছি একটি শহর এলাকায় অবস্থিত।
এর চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন।
সূত্র: এনডিটিভি
আরএ