হোম > বিশ্ব > এশিয়া

এআই দিয়ে পরীক্ষায় নকলের ঘটনায় দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আমার দেশ অনলাইন

দক্ষিণ কোরিয়ায় সদ্য পদত্যাগকৃত শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। ছবি-সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রস্তাব গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরুর আগে এ কেলেঙ্কারি ছড়িয়ে পড়ায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। রোববার পদত্যাগের ঘোষণা দিয়ে চোই বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

ঘটনাটির সূত্রপাত হয় গত ১৫ নভেম্বর। দেশটির জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেন, তিনি অতি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে প্রশ্নের ছবি তুলে স্মার্টফোনের মাধ্যমে এআই ব্যবস্থায় পাঠাতেন এবং সেখান থেকে পাওয়া উত্তর দেখে পরীক্ষা দিয়েছেন। প্রথম ধাপের ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল করেছিলেন তিনি। দ্বিতীয় ধাপের পরীক্ষাতেও একই কৌশলে জালিয়াতির কথা স্বীকার করেন ওই পরীক্ষার্থী। পরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুরুত্বপূর্ণ পরীক্ষা ‘সুনেউং’ বা কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্টকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন পাঁচ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থী। এআই ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে শেষ মুহূর্তে একের পর এক নতুন বিধিনিষেধ আরোপ করে সরকার।

নতুন ব্যবস্থার আওতায় পরীক্ষার্থীদের স্মার্টফোন, স্মার্টওয়াচ, স্মার্ট চশমা ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জমা দিতে বলা হয়। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে পোশাকের বোতাম, কলার, হাতার অংশ, চশমা ও ঘড়ি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়, যাতে লুকানো ক্যামেরা বা অন্য কোনো যন্ত্র শনাক্ত করা যায়। পরীক্ষাকেন্দ্রের আশপাশে পাবলিক ওয়াই-ফাই বন্ধ রাখার ব্যবস্থাও নেওয়া হয়। এমনকি পরীক্ষার্থীদের জমা দেওয়া হয়নি—এমন কোনো চালু ডিভাইস শনাক্ত করতে দেশজুড়ে জরুরি সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থাও করা হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংক্রান্ত অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এর প্রায় অর্ধেকই ধরা পড়ে জরুরি সতর্কবার্তা ব্যবস্থার মাধ্যমে। তবে পরীক্ষার মাত্র কয়েক দিন আগে নিয়মকানুনে বারবার পরিবর্তন আনায় পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিনের পদত্যাগের পেছনে এই প্রস্তুতিগত বিশৃঙ্খলাও বড় কারণ হয়ে ওঠে। গত সোমবার পার্লামেন্টের এক শুনানিতে তাকে প্রশ্ন করা হয়েছিল, পরীক্ষার দিন এআই ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করা ব্যক্তিদের শনাক্ত করতে কর্তৃপক্ষ শতভাগ সক্ষম কি না। জবাবে তিনি বলেন, নিজের বয়সের কারণে এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী নন। তার এই মন্তব্যের পরও সমালোচনা শুরু হয়। পরীক্ষার আগের দিনগুলোতে শিক্ষামন্ত্রী নিজে সংবাদ সম্মেলনে উপস্থিত না হয়ে উপমন্ত্রীর মাধ্যমে নতুন পদক্ষেপের ঘোষণা দেন।

শিক্ষক সংগঠনগুলোও সরকারের প্রস্তুতি নিয়ে সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এআইনির্ভর জালিয়াতি ঠেকাতে আগেভাগে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি; বরং শেষ মুহূর্তে পরীক্ষার নিয়ম বদলে পরিস্থিতি আরও জটিল করা হয়েছে। এআইয়ের যুগে প্রচলিত পরীক্ষাপদ্ধতি ও মূল্যায়নব্যবস্থা নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথাও বলেছে তারা।

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশাগত সম্ভাবনা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় আট ঘণ্টার এই পরীক্ষাকে নির্বিঘ্ন রাখতে প্রতিবছর দেশজুড়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। ইংরেজি শ্রবণ অংশের ২৫ মিনিটে শব্দদূষণ কমাতে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের সময়সূচি বদলানো হয়। পরীক্ষার সময় সামরিক মহড়া, গোলাবর্ষণ ও ট্যাংক চলাচলও স্থগিত রাখা হয়। শেয়ারবাজার খোলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে এবং পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান, ইয়োনহাপ নিউজ এজেন্সি ও দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র

পরীক্ষায় জালিয়াতির ঘটনায় দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

মালয়েশিয়ার রাজনীতিতে আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ লড়াই

মিয়ানমারের গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের ভয়াবহ অভিজ্ঞতা

আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন

বহুমাত্রিক সভ্যতার জনপদ আফগানিস্তানের ইতিহাস-ধর্ম-জাতিসত্তার বৈচিত্র্য

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজে’র রায়ে যে প্রতিক্রিয়া মিয়ানমারের

জাপানে বিশ্ব রোবট গেমসে পদক জিতলেন মাহিয়ান ও ফিহাম

রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে এখনো ‘কোনো মন্তব্য’ করেনি মিয়ানমার

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় বিমা ক্ষতি প্রায় ২২ কোটি ডলার

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের পক্ষে সাফাই গেয়েছিলেন সু চি