হোম > বিশ্ব > চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে শত শত বাড়ি

এনডিটিভি

ছবি: ইপিএ

চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৬ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। ভূমিকম্পে ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগকু শহরের প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে একটি পার্বত্য এলাকায়। আঞ্চলিক রাজধানী লাসা থেকে এলাকাটি প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

ভূমিকম্পের পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। প্রাথমিক পরিদর্শনে ৩৩৯টি বাড়ি ধসে পড়ার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ৩০০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষের ছোটাছুটি করতে দেখা গেছে। বিভিন্ন রেস্তোরাঁ থেকে কর্মীদের দ্রুত বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। সুপারমার্কেটের তাক থেকে বিভিন্ন জিনিসপত্রও মেঝেতে পড়ে যায়।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের গ্রামীণ এলাকা তিংরি কাউন্টিতে ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হয়েছিলেন।

এদিকে, নেপাল ও তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যুর কয়েক সপ্তাহ পর এ ভূমিকম্পের ঘটনা ঘটল। গত আগস্টে ওই বন্যার উৎপত্তি হয়েছিল নেপাল-তিব্বত সীমান্তের কাছে। পরে বন্যার পানি নেপালের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এতে বহু বাড়িঘর ও ভবন ভেসে যায়।

এ ছাড়া, চীনে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত ৮টা ২৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল অরুণাচল প্রদেশের পাঙ্গিনের প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

এএম

প্রতিপক্ষকে চাপে রাখতে ‘গ্রে জোন’ কৌশল চীনের

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫ শতাংশ

রহস্য অনুসন্ধানে নতুন দিগন্ত খুলবে ‘নিউক্লিয়ার ক্লক’

চীনে পারিবারিক মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে নেতৃত্বের সংকট, দায়িত্ব নিতে অনাগ্রহী উত্তরসূরিরা

লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটিতে ৮ যুদ্ধবিমান

সমুদ্রে চীনের গোপন সামরিক ঘাঁটিতে নতুন চমক

ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

ফিলিস্তিনিরাই তাদের নিজেদের দেশ পরিচালনা করবে: চীন

সেনাবাহিনীর সক্ষমতা বাড়িয়ে শক্তিশালী হচ্ছে চীন

সাগরের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনের নতুন সাফল্য