নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন মধ্যডানপন্থি ন্যাশনাল পার্টি। দলটি এখন পর্যন্ত ৩০ দশমিক ৮১ শতাংশ ভোট পেয়েছে। তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিরোধী মধ্যবামপন্থি লেবার পার্টি। দলটির প্রাপ্ত ভোট ২৯ দশমিক ৯৯ শতাংশ। ফলে দুই দলের মধ্যে ব্যবধান খুবই সামান্য।
শনিবার দেশটির নির্বাচন কমিশন প্রকাশিত প্রাথমিক ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, মধ্যপন্থি অপারচুনিটি পার্টি সংসদে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করবে।
নিউজিল্যান্ডের স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
গ্রিনিচ মান সময় অনুযায়ী, শুক্রবার রাত ৮টায় ভোট শুরু হয়ে শনিবার সকাল ৬টায় শেষ হয়।
প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত ফলাফলে পরিস্থিতি কোন দিকে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত।
এএম