ইতালিজুড়ে যুব-কিশোর অপরাধ দমনে পরিচালিত বৃহৎ পুলিশি অভিযানে ৫৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দেশটির গণমাধ্যম জানিয়েছে, ৪৪টি প্রদেশে একযোগে পরিচালিত এ অভিযানে আরও ৯৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। খবর আনাদোলুর।
ইতালির সংবাদ সংস্থা এএনএসএ-এর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৪৭ জন অপ্রাপ্তবয়স্ক।
পুলিশ জানায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ৯৭৩টি প্রোফাইল শনাক্ত করেছে, যেখানে ঘৃণা, সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার উসকানি এবং আগ্নেয়াস্ত্র ও ছুরি ব্যবহারের প্রচারণা চালানো হচ্ছিল। এর মধ্যে দুটি অ্যাকাউন্ট বন্ধ করার সম্ভাবনা বিবেচনায় বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
অভিযানের সময় পুলিশ প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যক্তির পরিচয় যাচাই করে, যার মধ্যে ১৯ হাজারের বেশি অপ্রাপ্তবয়স্ক ছিল। মাদক কেনাবেচা ও রাতের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়া হয়।
পুলিশ ৭০০ কেজির বেশি মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে ছিল ৪১ কেজি কোকেন, ৬৬০ কেজি ক্যানাবিনয়েড, ২ কেজি কেটামিন, প্রায় ১ হাজার অক্সিকোডোন ট্যাবলেট, পাশাপাশি এক্সট্যাসি, এমডিএমএ, মেথঅ্যামফেটামিন ও বেঞ্জোডায়াজেপিন।
এ ছাড়া ১ হাজার ১৮২টি স্থাপনায় তল্লাশি চালানো হয়। এর মধ্যে ছিল সঙ্গীহীন বিদেশি অপ্রাপ্তবয়স্কদের জন্য ২৪টি আশ্রয়কেন্দ্র, ১১৭টি গেমিং আর্কেড, ৫৪৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন জনসমাগমস্থল।
অভিযানে ৩ লাখ ৭ হাজার ইউরো (প্রায় ৩ লাখ ৫১ হাজার মার্কিন ডলার) নগদ অর্থ, ৪৯টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ৮৭টি ধারালো অস্ত্র এবং আরও ৯৫টি সম্ভাব্য হামলায় ব্যবহৃত বস্তু জব্দ করা হয়েছে।
এছাড়া স্বর্ণের চেইন ও মোবাইল ফোনসহ চুরি হয়েছে বলে সন্দেহ করা বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পুলিশ ৫০৬টি প্রশাসনিক জরিমানা করেছে, যার বেশিরভাগই মাদক সেবন এবং অপ্রাপ্তবয়স্কদের কাছে অ্যালকোহল বিক্রির অভিযোগে।
এমএমআর