ইউরোপে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করতে আফ্রিকার দেশ রুয়ান্ডায় বিশেষ কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ। ২০২৭ সালে কেন্দ্রটি চালু হওয়ার কথা রয়েছে।
এই উদ্যোগে অংশ নিচ্ছে জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস। দেশগুলো যৌথভাবে রুয়ান্ডায় একটি ‘রিটার্ন হাব’ বা অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র গড়ে তুলবে। সোমবার ডেনমার্ক ও নেদারল্যান্ডস সরকারের পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পরিকল্পনা অনুযায়ী, পাঁচ দেশে অবৈধভাবে অবস্থান করছেন এবং যাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, কেবল এমন অভিবাসীদের এই কর্মসূচির আওতায় আনা হবে। যেসব অভিবাসীর বৈধভাবে দেশগুলোতে থাকার সব আইনি সুযোগ শেষ হয়ে গেছে, তাদের রুয়ান্ডায় পাঠানো হতে পারে।
রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীদের সামনে দুটি বিকল্প থাকবে। তারা চাইলে দেশটির সমাজে একীভূত হয়ে বসবাস করতে পারবেন। এ ক্ষেত্রে তাদের আবাসনের অধিকার দেওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও আইনি সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। অন্যদিকে, তারা চাইলে নিজ দেশেও ফিরে যেতে পারবেন।
নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে এই ব্যবস্থার আওতায় শুধু একক পুরুষ অভিবাসীদের পাঠানো হবে। দেশটির ক্ষেত্রে রুয়ান্ডার আশপাশের অঞ্চলের দেশগুলো থেকে আসা অভিবাসীদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে কোনো অপ্রাপ্তবয়স্ক বা অভিভাবকহীন শিশুকে এই কেন্দ্রে পাঠানো হবে না বলে নিশ্চিত করেছে ডাচ সরকার।
এর আগে যুক্তরাজ্যও আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা নিয়েছিল। তবে সেই পরিকল্পনায় আশ্রয়ের আবেদন প্রক্রিয়াকরণের জন্য অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর কথা ছিল। আইনি জটিলতা ও আদালতের চ্যালেঞ্জের কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর লেবার সরকার সেটি বাতিল করে। নতুন এই উদ্যোগে যুক্তরাজ্যও অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, তারা বিষয়টি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করবে।
এদিকে পরিকল্পনাটির সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্পেনের টেলিভিশন চ্যানেল টেলিসিনকোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুয়ান্ডায় অভিবাসীদের পাঠানোর এই উদ্যোগের মধ্যে ভবিষ্যৎ বা মানবিকতা—কোনোটিই তিনি দেখতে পাচ্ছেন না। এটি কোনো সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।
পাঁচটি দেশের দাবি, ইউরোপীয় ও আন্তর্জাতিক আইন মেনেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমানো এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের বিপজ্জনক যাত্রায় মানবপাচারকারীদের উৎসাহ বন্ধ করাই এর অন্যতম লক্ষ্য।
সোমবার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমাতে এবং মানবপাচারকারীদের অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পাঁচ দেশ একসঙ্গে কাজ করতে চায়। সম্প্রতি ইইউর একটি সংস্কারের মাধ্যমে জোটের বাইরের দেশগুলোতে এ ধরনের প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হয়েছে।
রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, অভিবাসীদের জন্য নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ সমাধান তৈরিতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। অনিয়মিত অভিবাসনের অন্যতম কারণ হিসেবে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সুযোগের বৈষম্যের কথাও উল্লেখ করেন তিনি।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে কেন্দ্রটি চালু হতে পারে। সেখানে প্রায় ১০০ জন অভিবাসীকে রাখার পরিকল্পনা রয়েছে। পাঁচটি দেশ থেকে প্রাথমিক পর্যায়ে প্রায় ২০ জন করে অভিবাসী পাঠানো হতে পারে। এ কার্যক্রমে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহযোগী ভূমিকা রাখতে পারে।
আইওএমের এক মুখপাত্র জানিয়েছেন, বিভিন্ন সংকটপূর্ণ পরিস্থিতিতে অভিবাসীদের সহায়তা দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সংস্থাটির। প্রত্যাবাসন কেন্দ্র বা এ ধরনের ব্যবস্থার পরিকল্পনা নিয়ে কয়েকটি ইইউ দেশের সঙ্গে তাদের আলোচনা চলছে।
তবে মানবাধিকার সংস্থাগুলো এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আফ্রিকা গবেষক ক্লেমেন্টিন দে মন্টজয়ে বলেছেন, রুয়ান্ডার মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। দেশটিতে ভিন্নমত দমনে কঠোরতা, যথেচ্ছ আটক এবং বন্দি অবস্থায় নির্যাতনের অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রতিবেশী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সশস্ত্র বিদ্রোহীদের প্রতি সমর্থনের অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে।
তিনি সতর্ক করে বলেন, অভিবাসীদের বহিষ্কারের এই কর্মসূচি পরিচালনার জন্য রুয়ান্ডাকে অর্থ দেওয়া হলে তা শুধু প্রত্যাবাসিত ব্যক্তিদের দুর্ভোগই বাড়াবে না, বরং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত একটি সরকারকে আর্থিক ও রাজনৈতিক সুবিধাও দেবে।
ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকারবিষয়ক সংস্থাও বলেছে, প্রত্যাবাসন কেন্দ্র পরিচালনাকারী যেকোনো তৃতীয় দেশকে মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না, যেখানে তিনি নিপীড়নের গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন।
এদিকে ইউরোপে অনিয়মিত অভিবাসন পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন দেখা গেছে। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইইউর সীমান্তে প্রায় ১ লাখ ১০ হাজার অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৯ শতাংশ কম।
তবে অক্টোবরে প্রায় ১৮ হাজার ১০০টি অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়। ২০২৫ সালের অক্টোবরের তুলনায় যা ৬ শতাংশ কম হলেও চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় ২২ শতাংশ বেশি। মূলত ক্যানারি দ্বীপপুঞ্জ অভিমুখে পশ্চিম আফ্রিকা রুটে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় অক্টোবরে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সূত্র: এএফপি ও বিবিসি