গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ মিছিল করেছেন ফিলিস্তিনপন্থি শত শত মানুষ। শনিবার বৃষ্টির মধ্যেও তারা হাতে জলপাইয়ের ডাল ও ফিলিস্তিনি পতাকার নকশা করা ঘুড়ি নিয়ে শহরের কেন্দ্রস্থলে মিছিল করেন।
বিক্ষোভকারীরা ঐতিহাসিক বাস্তিল স্কয়ারের কাছে জড়ো হন। পরে সেখান থেকে প্যারিসের কেন্দ্রীয় বিভিন্ন সড়ক হয়ে ফঁতেন দে ইনোসঁ এলাকার দিকে মিছিল করেন। এ সময় তাদের হাতে জলপাইয়ের ডাল ছিল, যা শান্তির প্রতীক এবং ফিলিস্তিনি সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে যুক্ত।
মিছিলে বিক্ষোভকারীরা ‘গাজায় গণহত্যা চলছে, আমরা নীরব থাকব না’—এ ধরনের স্লোগান দেন। একই সঙ্গে তারা ইসরাইলি কারাগারে আটক সব ফিলিস্তিনি বন্দির মুক্তির দাবি জানান। চিকিৎসকসহ ফিলিস্তিনি বন্দিদের মুক্তির দাবিও ছিল তাদের অন্যতম প্রধান বক্তব্য।
বিক্ষোভে ঘুড়ি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ফিলিস্তিনি পতাকার নকশা করা ঘুড়ি উড়িয়ে বিক্ষোভকারীরা গাজার শিশুদের ঘুড়ি ওড়ানোর অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ জানান। সম্প্রতি গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়েও ইসরাইলি কর্তৃপক্ষের সতর্কবার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনিদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। এ অভিযোগের প্রতিবাদে কেউ কেউ মুখ ও হাতে বিভিন্ন সংখ্যা লিখে মিছিলে অংশ নেন।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরও গাজার কিছু এলাকায় ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে ইসরাইলি কর্তৃপক্ষের উচ্ছেদের হুমকির সমালোচনা করেছে। জাতিসংঘ বলেছে, বেসামরিক মানুষ সুরক্ষায় আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার সঙ্গে এ ধরনের হুমকি সামঞ্জস্যপূর্ণ নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ১ হাজার ২৯৬ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ২৯৬ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে বলে মন্ত্রণালয়টির দাবি।