হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, শিশুসহ নিহত ১৭

আমার দেশ অনলাইন

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া । এতে ১২ বছর বয়সি এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার ভোররাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রাজধানীতে এক শিশুসহ চারজন নিহত হয়েছে। একটি ড্রোন নিচু দিয়ে উড়ে এসে ১৮ তলা একটি আবাসিক ভবনে আঘাত হানে।

কিয়েভজুড়ে হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জরুরি সেবা বিভাগের চার কর্মীসহ দুই পুলিশ সদস্যও রয়েছেন। হামলার পর শহরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।

দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওদেসায় একই সময়ে চালানো হামলায় আটজন নিহত এবং আরও ২৬ জন আহত হয়েছে। সেখানে একটি বহুতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, বন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দনিপ্রো শহরেও বুধবার সন্ধ্যা থেকে রাতে দফায় দফায় হামলা চালানো হয়। এতে চারজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়। পাশাপাশি ওই অঞ্চলে আরেকটি হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। আবাসিক এলাকায় আগুন ধরে যায়।

উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ শহরে ড্রোন হামলায় দুজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনো চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

অন্যদিকে, মস্কো দাবি করেছে, ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে তারা ব্যাপক হামলা চালিয়েছে।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া অধিকৃত ক্রিমিয়া এবং দক্ষিণাঞ্চলের তুয়াপসে অবস্থিত গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পাল্টা আঘাত হানা হয়েছে।

রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুয়াপসে ইউক্রেইনের ড্রোন হামলায় ১৪ বছর বয়সি এক কিশোরীসহ দুজন নিহত এবং সাতজন আহত হয়েছে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

তুয়াপসে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার রয়েছে এবং বন্দরটি দিয়ে তেল, কয়লা ও সার রপ্তানি করা হয়।

তথ্যসূত্র: রয়টার্স

এসআর

রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৩

রুশ হামলার পর ইউক্রেনে ন্যাটো মহাসচিব মার্ক রুটে

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২৩

রাশিয়ায় যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ৭

আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’: জেলেনস্কি

রাশিয়া রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

৬৬ বছর আকাশে, এবার অবসরে বিশ্বের প্রবীণতম বিমানবালা

ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : ম্যাক্রোঁ