হোম > বিশ্ব > ইউরোপ

মামদানির মডেল নিয়ে বার্লিনের নির্বাচনে এগিয়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরালপ

আমার দেশ অনলাইন

জার্মানির রাজধানী বার্লিনে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচন। শহর-রাজ্যটির এবারের নির্বাচনে তুর্কি বংশোদ্ভূত মানবাধিকারকর্মী ও বামপন্থি দল ‘ডি লিঙ্কে’র শীর্ষ প্রার্থী এলিফ এরালপ আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে দলটি ক্ষমতাসীন খ্রিষ্টীয় গণতান্ত্রিক ইউনিয়ন (সিডিইউ)-এর সঙ্গে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছে।

২০২১ সাল থেকে বার্লিনের রাজ্য পার্লামেন্টের সদস্য এরালপ তার নির্বাচনী প্রচারে বাড়িভাড়া, গণপরিবহনের ব্যয় এবং শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে প্রধান ইস্যু করেছেন। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণা তার প্রচারে প্রভাব ফেলেছে বলেও তিনি জানিয়েছেন।

এরালপ বলেন, মামদানির প্রচারের মতো তারাও বড় শহরে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে বাড়িভাড়া নিয়ন্ত্রণ, বাস ও ট্রেনের ভাড়া কমানো এবং শহরের বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধান।

তিনি বলেন, বার্লিনকে আবার সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে। তার মতে, শহরটির সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো আবাসন সংকট এবং অতিরিক্ত বাড়িভাড়া।

জরিপে এগিয়ে বামপন্থীরা

১৭ সেপ্টেম্বর প্রকাশিত জেডডিএফের সর্বশেষ জরিপে ডি লিঙ্কে ২৩ শতাংশ সমর্থন পেয়েছে। সিডিইউ রয়েছে ২১ শতাংশে, আর অভিবাসনবিরোধী এএফডি পেয়েছে ১৭ শতাংশ। গ্রিনস ১৬ এবং এসপিডি ১০ শতাংশ সমর্থন পেয়েছে।

তবে অন্যান্য সাম্প্রতিক জরিপে ব্যবধান আরও কম দেখা গেছে। ১৭ সেপ্টেম্বর প্রকাশিত সিভে জরিপে ডি লিঙ্কে ২১ শতাংশ এবং সিডিইউ ২০ শতাংশ সমর্থন পেয়েছে। এএফডি পেয়েছে ১৮ শতাংশ।

ফলে ২০ সেপ্টেম্বরের ভোটের আগে দুই প্রধান দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত ঘনিষ্ঠ বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। জরিপের ফলাফল অবশ্য চূড়ান্ত নির্বাচনী ফল নয়।

এএফডির উত্থান ঠেকানোর বার্তা

সাম্প্রতিক সময়ে জার্মানির বিভিন্ন অঞ্চলে ডানপন্থী এএফডির সমর্থন বাড়ার প্রেক্ষাপটেও বার্লিনের নির্বাচনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এরালপের দাবি, মূলধারার রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের হতাশা বাড়ছে। তার মতে, রাজনৈতিক দলগুলোকে মানুষের দৈনন্দিন সমস্যা—বিশেষ করে আবাসন ও জীবনযাত্রার ব্যয়—নিয়ে আরও বেশি কাজ করতে হবে।

তিনি সিডিইউর অভিবাসননীতির সমালোচনা করে অভিযোগ করেন, দলটি এএফডির অবস্থানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নীতি গ্রহণ করছে। এরালপের মতে, অভিবাসনবিরোধী অবস্থানের পরিবর্তে সামাজিক নিরাপত্তা ও সাশ্রয়ী আবাসনের ওপর গুরুত্ব দেওয়া হলে ডানপন্থীদের উত্থানের মোকাবিলা করা সম্ভব।

ফিলিস্তিন ইস্যুতেও সরব এরালপ

বার্লিনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের বিষয়ে বিদায়ী মেয়র কাই ভেগনারের নেতৃত্বাধীন সিডিইউ সরকারের সমালোচনাও করেছেন এরালপ। তার অভিযোগ, ফিলিস্তিনিদের উদ্বেগকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি এবং বিভিন্ন বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে।

এরালপ বলেন, বার্লিনের মেয়র এখানকার ফিলিস্তিনি জনগণের সমস্যাগুলোর কথা কখনোই শোনেননি, যা একটি বড় ভুল। এখানে বসবাসকারী ফিলিস্তিনি, ইহুদি ও মুসলিম—সকল মানুষের সাথেই তার যোগাযোগ রাখা উচিত।

তিনি আরো বলেন, ‘আমরা জনগণের ওপর ব্যাপক সহিংসতা ও দমন-পীড়ন দেখেছি। আমি চাই এর অবসান ঘটুক। আমার মতে, সব ক্ষেত্রেই বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ; আর আমি যখন সরকারে থাকব, তখন এই বিষয়টিতেই পরিবর্তন আনতে চাই।’

নিজ দলের বিরুদ্ধে ওঠা ইহুদিবিদ্বেষের অভিযোগও প্রত্যাখ্যান করেছেন এরালপ। তার ভাষ্য, তার দল ইহুদিবিদ্বেষ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগকে সমর্থন করেছে এবং ইসরাইলের অস্তিত্বের অধিকারের পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকারকেও সমর্থন করে।

গাজায় ইসরাইলি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা ইহুদিবিদ্বেষ নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ইসরাইলের কট্টর-ডানপন্থী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে।

এ সময় তিনি যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলার বিষয়টি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, আমি মনে করি, এসব অপরাধের দায়ভার গ্রহণের সময় এসেছে এবং আন্তর্জাতিক রাজনীতিবিদরা এই প্রক্রিয়ায় সমর্থন জোগাবেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

এমএমআর

সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, সরকার গঠন নিয়ে জটিলতা

ইতালির সৈকতে শত বছরের ঐতিহ্য, নারী-পুরুষের মাঝে ১০ ফুট উঁচু দেয়াল

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত

ইসলাম নিয়ে গণমাধ্যমের মিথ্যাচার ইউরোপকে বিপদে ফেলছে

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইউরোপে রাজনীতিতে অংশগ্রহণ বাড়ছে মুসলিমদের

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মতো মর্যাদা দেওয়ার প্রস্তাব