হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩০ দেশে

আলজাজিরা

ছবি: রয়টার্স

ফ্রান্সে শুরু হওয়া বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে ইউরোপের আরো ৩০টি দেশে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসনসংকট এবং সরকারি সেবার ঘাটতির প্রতিবাদে এসব দেশে বিক্ষোভ ও সংঘাতের ঘটনা ঘটছে। তবে আন্দোলনের সবচেয়ে বড় কেন্দ্র এখনো ফ্রান্স। গত দেড় মাসে দেশটিতে ১ হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে।

গত শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভে অংশ নেন ১ লাখ ৪৬ হাজার মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ৪৬ হাজার। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, সারা দেশে ২ লাখ ৫০ হাজার এবং প্যারিসে ৭৫ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

আগের সপ্তাহগুলোর তুলনায় বিক্ষোভকারীর সংখ্যা কমলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নেয় পুলিশ। প্যারিসে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটা করা হয়। ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিওঁর কেন্দ্রীয় এলাকায় সড়ক অবরোধ করা শত শত মানুষের ওপরও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এদিন নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয় প্রায় ৭০ হাজার সদস্য। এর কয়েক দিন আগে শ্রমিক ইউনিয়নগুলোর আয়োজনে একটি সমাবেশে আনুমানিক ৫ লাখ ৭৫ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন হিসেবে শুরু হলেও সময়ের সঙ্গে এর পরিধি বেড়েছে। এখন জ্বালানির উচ্চমূল্য, মজুরি, সামাজিক আবাসনসহ নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিক্ষোভকারীরা। কিছু এলাকায় বিক্ষোভের মধ্যে ভাঙচুর, লুটপাট ও সহিংসতার ঘটনাও ঘটেছে। অন্যদিকে, বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ উঠেছে।

আল-জাজিরার এক বিশ্লেষণে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ও দাঙ্গার বিস্তারের চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ফ্রান্সের আন্দোলন এখন আর শুধু দেশটির অভ্যন্তরীণ বিষয় নয়। ইউরোপের বিভিন্ন দেশেও একই ধরনের অসন্তোষ প্রকাশ পাচ্ছে।

ফ্রান্সে যেভাবে শুরু আন্দোলন

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি) থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে ১০০ বা তার বেশি মানুষের অংশগ্রহণে ১ হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। শিক্ষা, সরকারি সেবা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এসব কর্মসূচি পালিত হয়।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি দেশটির বিভিন্ন উচ্চবিদ্যালয়ে আন্দোলন শুরু হয়। শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষকের সংকট এবং জরাজীর্ণ ভবন নিয়ে ক্ষোভ ছিল শিক্ষার্থীদের। পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদও আন্দোলনে যুক্ত হয়। এতে শ্রমিক ইউনিয়নগুলোর পাশাপাশি ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরাও অংশ নেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দাঙ্গা ও লুটপাটের ঘটনাও ঘটে।

সরকারি হিসাব অনুযায়ী, শুধু ১৭ অক্টোবরই ফ্রান্সজুড়ে বিক্ষোভে অংশ নেন ৫ লাখের বেশি মানুষ।

এসিএলইডির প্রধান নির্বাহী ক্লিওনাধ র‍্যালি ১৯ অক্টোবর বলেন, গত পাঁচ বছরে ফ্রান্সে প্রতিদিন গড়ে ২০ দশমিক ৫টি বিক্ষোভের ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি। কিন্তু চলমান আন্দোলনের সময় এ সংখ্যা বেড়ে প্রায় ৬৬টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ স্বাভাবিক সময়ের তুলনায় বিক্ষোভের ঘটনা তিন গুণেরও বেশি বেড়েছে।

র‍্যালির মতে, সাধারণত একটি বিক্ষোভের ধারাবাহিকতা প্রায় ২০ দিন স্থায়ী হয়। বড় আন্দোলনের ক্ষেত্রে তা ৩৬ দিন পর্যন্ত গড়ায়। কিন্তু এসিএলইডির হিসাবে, ফ্রান্সের চলমান আন্দোলন ইতিমধ্যে ৪৫ দিন পার করেছে। এরপরও আন্দোলন অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এবারের আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সংঘাতের মাত্রা। মোট ঘটনার প্রায় এক-চতুর্থাংশ, অর্থাৎ ২৪ দশমিক ২ শতাংশকে দাঙ্গা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। আগের আন্দোলনগুলোর ক্ষেত্রে এ হার ছিল গড়ে মাত্র ১ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালে নাহেল মেরজুকের মৃত্যুর পর সংঘটিত সহিংসতা ছাড়া আর কোনো আন্দোলনে এত বেশি দাঙ্গার ঘটনা রেকর্ড করা হয়নি।

পুলিশের ভূমিকা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

বিক্ষোভ দমনে ফরাসি পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা হচ্ছে। গত ২৮ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার পরিষদের ম্যান্ডেটপ্রাপ্ত চারজন বিশেষজ্ঞ শিক্ষার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফরাসি কর্তৃপক্ষের ‘অতিরিক্ত শক্তি প্রয়োগ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এক বিবৃতিতে তাঁরা বলেন, কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার ও আটক করার ঘটনা, যাঁদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক, অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। এ ধরনের পদক্ষেপ বিক্ষোভকারীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চায় বাধা সৃষ্টি করছে।

দেশটির উত্তরাঞ্চলীয় শহর লিলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় একটি গ্রেনেড বিস্ফোরণে এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

ইউরোপের ৩০ দেশেও বিক্ষোভ

ফ্রান্সের বাইরে ইউরোপের আরও ৩০টি দেশে একই সময়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপজুড়ে ১০০ বা তার বেশি মানুষের অংশগ্রহণে ১ হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। এসিএলইডির তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

পর্তুগাল থেকে পোল্যান্ড—বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং সরকারি সেবার ঘাটতির প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছেন। যদিও এসব দেশের বিক্ষোভ ফ্রান্সের আন্দোলনের মতো বড় আকার ধারণ করেনি, তবু এর মধ্য দিয়ে ইউরোপজুড়ে জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

গত মাসে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিসের এইচইসি বিজনেস স্কুলের ইউরোপীয় ইউনিয়নের আইন ও নীতিবিষয়ক অধ্যাপক আলবার্তো আলেমান্নো বলেন, ‘ফ্রান্স এই আন্দোলনের কেন্দ্রবিন্দু। তবে এখন এর বিস্তার ফ্রান্সের বাইরেও ঘটছে—এমন লক্ষণ দেখা যাচ্ছে।’

সবচেয়ে বেশি বিক্ষোভ ফ্রান্সে

এসিএলইডির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে ১ হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে স্পেনে ১৭৩টি, ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি এবং পর্তুগালে ৩৩টি ঘটনা ঘটেছে।

এসব দেশের আন্দোলনের পেছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া আবাসনব্যয়।

স্পেনে গত অক্টোবরের শুরুতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন। ২ অক্টোবর পার্লামেন্টে জরুরি আবাসনসংক্রান্ত দুটি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর এ আন্দোলন শুরু হয়। এতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সংখ্যালঘু সরকারের জন্য বড় রাজনৈতিক ধাক্কা তৈরি হয়।

ইতালিতে জীবনযাত্রার ব্যয়সংকট এবং আবাসনের উচ্চমূল্যের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

অন্যদিকে, পর্তুগালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং বড় শহরগুলোতে আবাসন পাওয়ার অসুবিধার প্রতিবাদে রাজপথে নামেন কয়েক হাজার মানুষ। দেশটির বিভিন্ন শহরে অনুষ্ঠিত এসব মিছিলে অংশগ্রহণকারীরা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও আবাসনসংকটের সমাধানের দাবি জানান।

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকাডুবি, নিহত ২১

জার্মান পার্লামেন্টের সামনে জাতীয় পতাকা সরিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন

নির্বাচনে জয়ের পর এবার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে সার্বিয়ার শিক্ষার্থী জোট

নিউজিল্যান্ডের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

শরণার্থীর ঢল, স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৬

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

সহিংসতা হলেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে জার্মানির আইনমন্ত্রী