হোম > বিশ্ব > ইউরোপ

নরওয়েতে রাজা হারাল্ডকে শেষ শ্রদ্ধা জানাতে প্রাসাদের সামনে মানুষের ঢল

রয়টার্স

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে শোকে স্তব্ধ দেশটি। শুক্রবার ৮৯ বছর বয়সে মারা যাওয়ার পর শনিবার রাজধানী অসলোতে রাজপ্রাসাদের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। প্রাসাদে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে মৃত রাজার মরদেহ।

রাজা হারাল্ড ১৯৯১ সালে সিংহাসনে বসেন এবং তিন দশকেরও বেশি সময় নরওয়ের রাজা ছিলেন। দীর্ঘ শাসনকালে তিনি রাজতন্ত্রকে আধুনিক করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে রাজপরিবারের দূরত্ব কমানোর চেষ্টা করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে জাতীয় শোক পালন করা হচ্ছে এবং বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

শনিবার অসলো শহরের প্রধান সড়ক কার্ল ইয়োহান দিয়ে মানুষের দীর্ঘ সারি রাজপ্রাসাদের দিকে যেতে দেখা যায়। অনেকের হাতে ছিল ফুল, হাতে লেখা বার্তা, ছবি ও ছোট নরওয়েজিয়ান পতাকা। অভিবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা জানান।

নরওয়ের নতুন রাজা অষ্টম হাকন তাঁর প্রথম ভাষণে প্রয়াত বাবাকে একজন ভালো বাবা ও উষ্ণ হৃদয়ের মানুষ হিসেবে স্মরণ করেন। তিনি বলেন, বাবার হাসি, মানুষের সঙ্গে তাঁর সদাচরণ এবং পারিবারিক উষ্ণতা তিনি গভীরভাবে অনুভব করবেন।

হাকন বলেন, নরওয়ে গণতন্ত্র, আইনের শাসন এবং প্রত্যেক মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে। তিনি বাবার মতো নিজের পথেও দেশকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেন। তাঁর ভাষণের পর প্রাসাদের বাইরে জড়ো হওয়া মানুষ করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান।

হারাল্ডের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তাঁর ৫৩ বছর বয়সী ছেলে হাকন নরওয়ের নতুন রাজা হন। দেশটির নিয়ম অনুযায়ী সিংহাসনে বসার জন্য আলাদা রাজ্যাভিষেক অনুষ্ঠান হবে না। ১৯০৮ সালে নরওয়েতে রাজ্যাভিষেকের প্রথা বাতিল করা হয়।

প্রয়াত রাজা হারাল্ড নরওয়ের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও ব্যাপক জনপ্রিয় ছিলেন। ২০১১ সালে দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরবর্তী সময়ে বন্যা, ঝড় ও অন্যান্য দুর্যোগের সময়ও তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

২০১৬ সালে দেওয়া একটি ভাষণে তিনি নরওয়ের সমাজে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও যৌন পরিচয়ের মানুষের সহাবস্থানের পক্ষে অবস্থান নেন। তাঁর এই উদার ও অন্তর্ভুক্তিমূলক অবস্থানের কথা শনিবারও অনেক শোকাহত মানুষ স্মরণ করেন।

রাজা হারাল্ডের শেষকৃত্য সামনে রেখে দেশটিতে শোকপর্ব অব্যাহত থাকবে। তাঁকে অসলো ক্যাথেড্রালে শেষ বিদায় জানানোর পর আকরশুস দুর্গের রাজকীয় সমাধিতে সমাহিত করার কথা রয়েছে।

বালু ব্যবসার আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন এমপি ফখরুল ইসলাম

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলে সরকার কী ব্যবস্থা নিয়েছে, জানালেন মন্ত্রী

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রশাসনে বড় রদবদল, একযোগে বদলি ২৭ উপসচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে ওয়াকআউট বিরোধী দলের

হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী

ববিতে চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, অপসারণের দাবিতে অফিসে তালা

মার্কিন অপরাধে সহযোগিতা করায় জাপান সরকারকে জবাবদিহির আহ্বান

সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান, যোগ দিয়েছেন বিরোধী এমপিরা