ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় এক মুসলিম মহিষ ব্যবসায়ীকে স্থানীয় কয়েকজনের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বুধবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
ভিডিওতে আফশার আলী নামের ওই ব্যবসায়ীকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে এক ব্যক্তি বারবার মারধর করছেন। একপর্যায়ে হামলাকারী তাকে ক্ষমা চাইতে বলেন । আলী ক্ষমা চাওয়ার পরও তাকে চড় ও ঘুষি মারতে থাকেন ওই ব্যক্তি। এ সময় কয়েকজন প্রত্যক্ষদর্শী হামলা থামানোর চেষ্টা করেন।
আফশার আলীর জানান, শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে কারারি থানার জামদুয়া এলাকার কাছে তার ওপর হামলা হয়। হামলার আগে মূল অভিযুক্ত তার কাছে মদ খাওয়ার জন্য টাকা দাবি করেন। তাকে বলা হয়, ‘তুমি এত আয় করো, আমাদের একটু মদও খাওয়াতে পারো না?’ এরপরই তাকে মারধর শুরু করা হয়।
আলী জানান, পরে আরো কয়েকজন ওই হামলায় যোগ দেন। তারা তাকে বেধড়ক মারধর করার পাশাপাশি তার কাছে থাকা ৪ হাজার ৫০০ রুপি নিয়ে পালিয়ে যান।
ঘটনার পর কারারি থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন আলী। পরে তিনি কৌশাম্বির পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ঘটনার বিচার ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কৌশাম্বি পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: মুসলিম মিরর
এমএমআর