ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় একটি মিনিবাস ও কনটেইনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার কাজিরাঙার কাছের রংগাজান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, মিনিবাসটি বোকাখাত থেকে নওগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সজোরে সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে গাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েকজনের মরদেহও উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানান, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। বাসের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধারের কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহত সাতজনকে চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ কর্মকর্তা স্বপ্ননীল ডেকা বলেন, কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকায় চলাচলের ক্ষেত্রে নির্ধারিত বিধিনিষেধ থাকলেও মিনিবাসটি তা উপেক্ষা করে দ্রুতগতিতে চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কনটেইনারবাহী ট্রাকটির সঙ্গে মিনিবাসের সংঘর্ষ হয়।
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক শোকবার্তায় তিনি বলেন, কাজিরাঙায় এত মানুষের প্রাণহানির ঘটনায় তিনি মর্মাহত। যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরো বলেন, স্বজন হারানোর শোক কোনো কথায় দূর করা সম্ভব নয়। তবে এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন নিজেদের একা মনে না করে। আসামের মানুষ তাদের পাশে রয়েছে।
সূত্র: এনডিটিভি
এআরবি