ভারতে গরু শুধু একটি গৃহপালিত প্রাণী নয়; ধর্মীয় বিশ্বাস, সামাজিক পরিচয়, কৃষি অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে প্রাণীটি গভীরভাবে জড়িয়ে আছে। বিশেষ করে হিন্দুধর্মে গরুর বিশেষ মর্যাদা রয়েছে। গরুর দুধ, দই, ঘি, গোবর ও গোমূত্রকে ঘিরে বহু প্রাচীন বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও প্রচলিত ধারণা গড়ে উঠেছে।
কিন্তু এই বিশ্বাসের সঙ্গে যখন চিকিৎসাবিজ্ঞানের দাবি, রাজনৈতিক বক্তব্য, বাণিজ্যিক প্রচার এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যুক্ত হয়, তখন বিষয়টি নতুন মাত্রা পায়। গোবর দিয়ে ঘর লেপন, জৈবসার তৈরি কিংবা গোমূত্র দিয়ে ঐতিহ্যগত ধর্মীয় আচার পালন এক ধরনের চর্চা। অন্যদিকে গোমূত্র পান করলে ক্যানসার সারে, করোনা প্রতিরোধ হয়, ১৫ মিনিটে জ্বর চলে যায় কিংবা গোবর শরীরে মাখলে রোগ প্রতিরোধক্ষমতা বেড়ে যায়—এগুলো সম্পূর্ণ ভিন্ন ধরনের দাবি।
ভারতের বিভিন্ন রাজ্যে এমন কিছু ঘটনা ঘটেছে, যেগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যম, জাতীয় দৈনিক ও বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে। কোথাও করোনাভাইরাস ঠেকাতে গোমূত্র পান করার পার্টি হয়েছে, কোথাও রাস্তার পাশে গোবর ও গোমূত্রকে করোনা প্রতিরোধক হিসেবে বিক্রি করা হয়েছে, কোথাও মানুষ শরীরে গোবর মেখেছেন। আবার কোথাও গোমূত্র দিয়ে চোখের ড্রপ, টুথপেস্ট ও ব্যথানাশক তেল তৈরির দাবি নিয়ে পণ্য বিক্রি হয়েছে।
অন্যদিকে গোবর থেকে জৈবসার, বায়োগ্যাস ও পরিবেশবান্ধব রং তৈরির মতো বাস্তব ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উদ্যোগও রয়েছে। ফলে বিষয়টি বুঝতে হলে ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্যগত ব্যবহার, বৈজ্ঞানিক গবেষণা, রাজনৈতিক প্রচার এবং চিকিৎসার নামে বাড়াবাড়িকে আলাদা করে বিচার করতে হবে।
পঞ্চগব্য: ধর্মীয় ঐতিহ্যের পাঁচ উপাদান
হিন্দু ধর্মীয় ঐতিহ্যে ‘পঞ্চগব্য’ একটি পরিচিত ধারণা। সংস্কৃত শব্দটির অর্থ গরু থেকে পাওয়া পাঁচটি উপাদানের সমষ্টি। এগুলো হলো দুধ, দই, ঘি, গোবর ও গোমূত্র। হিন্দুধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠানে পঞ্চগব্য ব্যবহারের প্রচলন রয়েছে। কোনো কোনো ধর্মীয় অনুষ্ঠানে এটি শুদ্ধিকরণের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আয়ুর্বেদের কিছু প্রাচীন গ্রন্থেও পঞ্চগব্য ও এর পৃথক উপাদানের চিকিৎসাগত ব্যবহার সম্পর্কে উল্লেখ রয়েছে।
ভারতের আয়ুষ মন্ত্রণালয় ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানায়, আয়ুর্বেদের স্বীকৃত গ্রন্থগুলোতে পঞ্চগব্য ও গোমূত্রের বিভিন্ন ব্যবহার বর্ণিত হয়েছে। একই বিবৃতিতে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেসের পঞ্চগব্য ঘৃতের রোগ প্রতিরোধসংক্রান্ত সম্ভাবনা এবং নিরাপত্তা বা বিষক্রিয়া মূল্যায়নের গবেষণার কথা উল্লেখ করা হয়।
২০১৭ সালের ২৮ জুলাই আয়ুষ মন্ত্রণালয় আরো জানায়, পঞ্চগব্যের বৈজ্ঞানিক যাচাই ও গবেষণার জন্য ‘এসভিএআরওপি’ নামে জাতীয় কর্মসূচি শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। প্রাচীন চিকিৎসাগ্রন্থে কোনো উপাদানের ব্যবহার উল্লেখ থাকা এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানে সেটির কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণিত হওয়া এক বিষয় নয়। ঐতিহাসিক ব্যবহার গবেষণার বিষয় হতে পারে; কিন্তু সেটি নিজে থেকে চিকিৎসার বৈজ্ঞানিক অনুমোদন নয়।
গোবর: পবিত্রতার ধারণা থেকে কৃষি ও অর্থনীতিতে ব্যবহার
ভারতের বিভিন্ন অঞ্চলে গোবর দিয়ে বাড়ির উঠান ও মেঝে লেপার প্রচলন রয়েছে। গ্রামীণ সমাজে গোবর ও মাটির মিশ্রণ দিয়ে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা, ধর্মীয় অনুষ্ঠানস্থল প্রস্তুত করা এবং পূজার স্থান সাজানোর রীতি দেখা যায়। অনেকের বিশ্বাস, গোবর পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক।
গোবরের ব্যবহার অবশ্য শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতীয় কৃষিতে এটি দীর্ঘদিন ধরে জৈবসার হিসেবে ব্যবহৃত হচ্ছে। গোবর থেকে কম্পোস্ট ও ভার্মিকম্পোস্ট তৈরি করা যায়। গোবরের গ্যাস থেকে রান্নার জ্বালানি উৎপাদন সম্ভব। শুকনো গোবরের ঘুঁটি জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়।
এগুলো বাস্তব ও পরীক্ষাযোগ্য ব্যবহার। কিন্তু গোবরে কিছু উপকারী জৈব উপাদান কিংবা অণুজীব থাকা মানেই এটি সব ধরনের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে—এমন সিদ্ধান্ত বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়।
অপরিশোধিত গোবরে রোগজীবাণু থাকতে পারে। গবাদিপশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এমন রোগের মধ্যে রয়েছে সালমোনেলোসিস, ক্যাম্পাইলোব্যাকটেরিওসিস, লিস্টেরিওসিস এবং নির্দিষ্ট ধরনের ই. কোলাই সংক্রমণ। তাই গোবর ব্যবহারের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়াকরণ, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি জরুরি।
করোনাভাইরাসের বিরুদ্ধে ‘গোমূত্র পার্টি’
২০২০ সালের ১৪ মার্চ ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাস প্রতিরোধের নামে একটি ব্যতিক্রমী আয়োজন করা হয়। অখিল ভারত হিন্দু মহাসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘গোমূত্র পার্টি’।
আয়োজকদের বিশ্বাস ছিল, গোমূত্র পান করলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। অনুষ্ঠানে গোমূত্রের পাশাপাশি পঞ্চগব্যও পরিবেশন করা হয়। সেখানে গোমূত্র, গোবরের নির্যাস ও দুধজাত উপাদানের মিশ্রণ ছিল। করোনাভাইরাসের প্রতিকৃতি তৈরি করে যজ্ঞের আয়োজনও করা হয়।
রয়টার্সের ১৪ মার্চ ২০২০-এর প্রতিবেদনে প্রায় ২০০ জনের অংশগ্রহণের কথা বলা হয়। অন্যদিকে টেলিগ্রাফ ইন্ডিয়ার একই দিনের প্রতিবেদনে প্রায় ৩০ জনের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ওম প্রকাশ রয়টার্সকে বলেছিলেন, তারা ২১ বছর ধরে গোমূত্র পান করছেন এবং গোবর দিয়ে গোসলও করেন। তাদের কখনো আধুনিক ওষুধের প্রয়োজন হয়নি বলেও তিনি দাবি করেন।
এই ঘটনা শুধু একটি ধর্মীয় আয়োজন ছিল না; এটি ছিল মহামারির সময় একটি অপ্রমাণিত স্বাস্থ্যদাবিকে জনসমক্ষে প্রচার করার দৃষ্টান্ত। তখন করোনার কার্যকর প্রতিরোধের জন্য টিকা, মাস্ক, স্বাস্থ্যবিধি ও চিকিৎসাব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছিল। বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছিলেন, গোমূত্র ক্যানসার নিরাময় করে কিংবা করোনা প্রতিরোধ করে—এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
কলকাতায় গোমূত্র পান করিয়ে গ্রেপ্তার
দিল্লির ঘটনার দুই দিনের মাথায় পশ্চিমবঙ্গের কলকাতায়ও একই ধরনের একটি ঘটনা ঘটে। ২০২০ সালের ১৬ মার্চ উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় নারায়ণ চ্যাটার্জি নামে স্থানীয় এক বিজেপি কর্মী গো-পূজার আয়োজন করেন। সেখানে তিনি গোমূত্র বিতরণ করেন এবং দাবি করেন, এটি করোনাভাইরাস থেকে রক্ষা করবে। একজন সিভিক ভলান্টিয়ার ওই গোমূত্র পান করার পর অসুস্থ বোধ করেন। পরে তার অভিযোগের ভিত্তিতে পুলিশ নারায়ণ চ্যাটার্জিকে গ্রেপ্তার করে।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ১৮ মার্চ ২০২০-এর প্রতিবেদনে ঘটনাটি প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গ বিজেপির তৎকালীন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু গ্রেপ্তারের সমালোচনা করেছিলেন। বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গোমূত্র পান করার ক্ষতি নেই বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এটিকে অবৈজ্ঞানিক বিশ্বাস হিসেবে পরিহার করার কথা বলেছিলেন। ঘটনাটি রাজনৈতিক পরিসরেও বিতর্ক তৈরি করেছিল। একই দলের নেতাদের মধ্যেও গোমূত্রের কথিত চিকিৎসাগত গুণ নিয়ে ভিন্ন অবস্থান প্রকাশ পেয়েছিল।
রাস্তার পাশে করোনা প্রতিরোধক হিসেবে গোবর-গোমূত্র বিক্রি
করোনাভাইরাসের ভয়কে কাজে লাগিয়ে গোবর ও গোমূত্র বিক্রির ঘটনাও ঘটে পশ্চিমবঙ্গে। ২০২০ সালের ১৭ মার্চ হুগলি জেলার ডানকুনিতে শেখ মামুদ আলী নামে এক দুধ ব্যবসায়ী রাস্তার পাশে অস্থায়ী দোকান বসিয়ে গোবর ও গোমূত্র বিক্রি শুরু করেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ১৭ মার্চ ২০২০-এর প্রতিবেদন অনুযায়ী, দেশি গরুর গোমূত্র প্রতি লিটার ৫০০ রুপি এবং জার্সি গরুর গোমূত্র ৪০০ রুপিতে বিক্রির অভিযোগ ছিল। গোবরও প্রতি কেজি ৫০০ রুপিতে বিক্রি হচ্ছিল।
নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে ব্যবসায়ীর বক্তব্য তুলে ধরা হয়। তিনি জানান, দিল্লিতে গোমূত্র পার্টির খবর দেখেই তার ব্যবসার ধারণা আসে। তার দুটি গরু ছিল—একটি দেশি, অন্যটি জার্সি। তিনি যুক্তি দেন, দুধের পাশাপাশি গরুর অন্য উপাদানও বিক্রি করে আয় বাড়ানো সম্ভব।
আরো বিস্ময়কর বিষয় ছিল, তার দোকানে জার্সি গরুর গোমূত্র ও গোবরের দাম দেশি গরুর তুলনায় কম রাখা হয়েছিল। দেশি গরুর গোমূত্রের চাহিদা বেশি—এমন ধারণার ভিত্তিতে তিনি দাম নির্ধারণ করেছিলেন।
পুলিশ তাকে গ্রেপ্তার করে। সংবাদমাধ্যমে গ্রেপ্তারের কারণ হিসেবে প্রতারণা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের কথা প্রকাশিত হয়। এ ঘটনা দেখায়, কীভাবে একটি অপ্রমাণিত চিকিৎসাগত দাবিকে কেন্দ্র করে ভয়, ধর্মীয় বিশ্বাস ও বাণিজ্যিক স্বার্থ এক জায়গায় মিলিত হতে পারে।
গোবর-গোমূত্র শরীরে মেখে করোনা প্রতিরোধ!
২০২১ সালে ভারতের দ্বিতীয় দফার করোনা সংক্রমণের সময় গুজরাটে গোবর ও গোমূত্র শরীরে মাখার একটি চর্চা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আহমেদাবাদের উপকণ্ঠে একটি গোশালায় কিছু মানুষ সপ্তাহে একদিন গিয়ে গোবর ও গোমূত্রের মিশ্রণ শরীরে মাখতেন। সেটি শুকানোর পর গরুকে আলিঙ্গন করতেন এবং যোগব্যায়াম করতেন। পরে দুধ বা ঘোল দিয়ে শরীর ধুয়ে ফেলতেন।
রয়টার্সের ১১ মে ২০২১-এর প্রতিবেদনে এই চর্চার কথা উঠে আসে। অংশগ্রহণকারীদের ধারণা ছিল, এতে রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে এবং করোনা থেকে সুরক্ষা পাওয়া যাবে। কিন্তু চিকিৎসকরা সতর্ক করে দেন, গোবর ও গোমূত্র শরীরে মাখলে করোনা প্রতিরোধ বা নিরাময় হয়—এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং অপরিশোধিত গোবরের সংস্পর্শে পশু থেকে মানুষের মধ্যে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
২০২১ সালেজার্নাল অব মেডিক্যাল ভাইরোলজি-তে প্রকাশিত ‘দ্য র্যাম্প্যান্ট ইউজ অব কাউ ডাং টু ট্রিট কোভিড-১৯: ইজ ইন্ডিয়া অ্যাট দ্য ব্রিঙ্ক অব আ জুনোটিক ডিজিজ আউটব্রেক?’ শীর্ষক গবেষণাপত্রেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই বছর দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অব হেলথ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট-এ প্রকাশিত আরেকটি গবেষণাপত্রে করোনা চিকিৎসায় গোবর ও গোমূত্র ব্যবহারের জনস্বাস্থ্যগত ঝুঁকি আলোচনা করা হয়।
এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মহামারির মতো পরিস্থিতিতে মানুষ যখন চিকিৎসাসেবা, অক্সিজেন ও ওষুধের সংকটে ভুগছিল, তখন অপ্রমাণিত চিকিৎসার ওপর নির্ভরতা তাদের জন্য নতুন বিপদ তৈরি করতে পারত কি না।
বিজেপি নেতাদের গোমূত্রবিষয়ক চিকিৎসার দাবি
ভারতের রাজনীতিতেও গোমূত্রের কথিত চিকিৎসাগত গুণ নিয়ে একাধিক বিতর্কিত বক্তব্য এসেছে। বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ২০১৯ সালে দাবি করেছিলেন, গোমূত্র ও গরুর অন্যান্য উপাদান ব্যবহারের মাধ্যমে তাঁর ক্যানসার ভালো হয়েছে।
২০২১ সালের ১৭ মে তিনি আবার বলেন, দেশি গরুর গোমূত্র পান করলে ফুসফুসের সংক্রমণ সেরে যায়। তিনি প্রতিদিন গোমূত্র পান করেন এবং এ কারণে করোনার ওষুধ নিতে হয় না বলেও দাবি করেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ১৭ মে ২০২১-এর প্রতিবেদনে তার বক্তব্য প্রকাশিত হয়।
উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংও একই সময় গোমূত্র নিয়ে বক্তব্য দেন। ২০২১ সালের ৯ মে প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে তার একটি ভিডিওর কথা বলা হয়। সেখানে তিনি ৫০ মিলিলিটার গোমূত্র ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন খালি পেটে পান করার পরামর্শ দেন। তার দাবি ছিল, এতে করোনাভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হবে।
গোবরের ধোঁয়া ও যজ্ঞ দিয়ে করোনা ধ্বংসের দাবি
করোনা মহামারির সময় গোবর ও গোমূত্রের পাশাপাশি ধর্মীয় ধোঁয়া ও যজ্ঞকেও সংক্রমণ প্রতিরোধের উপায় হিসেবে প্রচার করা হয়েছিল। ২০২১ সালের মে মাসে উত্তরপ্রদেশের মিরাটে বিজেপি নেতা গোপাল শর্মা বিশেষ ধোঁয়া ছড়িয়ে করোনাভাইরাস ধ্বংসের দাবি করেন । মধ্যপ্রদেশের তৎকালীন সংস্কৃতিমন্ত্রী উষা ঠাকুরও যজ্ঞের মাধ্যমে পরিবেশ বিশুদ্ধ করার কথা বলেছিলেন। তার বক্তব্যে যজ্ঞকে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ প্রতিরোধের উপায় হিসেবে উপস্থাপন করা হয়েছিল।
ধর্মীয় আচার হিসেবে যজ্ঞ পালনের স্বাধীনতা এক বিষয়; কিন্তু ধোঁয়া বা যজ্ঞ করোনাভাইরাস ধ্বংস করে কিংবা সংক্রমণ প্রতিরোধ করে—এমন দাবি প্রতিষ্ঠা করতে বৈজ্ঞানিক প্রমাণ প্রয়োজন। বরং বিভিন্ন ধরনের জৈব জ্বালানি পোড়ালে সূক্ষ্ম বস্তুকণা ও দূষক তৈরি হতে পারে, যা শ্বাসতন্ত্রের ক্ষতি করতে পারে।
গোমূত্র দিয়ে চোখের ড্রপ, টুথপেস্ট ও ব্যথানাশক!
গোমূত্র ও গোবরের ব্যবহার শুধু পান করা বা ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকেনি; এগুলোকে ঘিরে পণ্যের বাজারও তৈরি হয়েছে। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দুস্তান টাইমস প্রয়াগরাজের মাঘ মেলায় বিক্রি হওয়া কিছু পণ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, মেলায় গোমূত্র ও গোবর দিয়ে তৈরি সাবান, টুথপেস্ট, রুম ফ্রেশনার, ধূপকাঠি, চোখের ড্রপ, ব্যথানাশক তেলসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছিল। কানপুরের বিঠুর এলাকার একটি গোশালায় এসব পণ্য তৈরি করা হয়েছিল বলে বিক্রেতাদের পক্ষ থেকে জানানো হয়। গোশালাটির ব্যবস্থাপক দাবি করেছিলেন, হজমের সমস্যা, আর্থ্রাইটিস, ছানি, ডায়াবেটিস ও ফুসফুসের সংক্রমণের জন্যও তাদের পণ্য রয়েছে।
চোখের ড্রপের বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। কোনো পদার্থ চোখে প্রয়োগের জন্য তার জীবাণুমুক্ততা, উপাদান, কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে কঠোর পরীক্ষা প্রয়োজন। শুধু প্রাকৃতিক বা গরুজাত উপাদান দিয়ে তৈরি হলেই কোনো পণ্য চোখের জন্য নিরাপদ হয়ে যায় না। এখানে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বাণিজ্যিক প্রচারের বিষয়টিও সামনে আসে। পণ্য বিক্রি হওয়া এবং পণ্যটি চিকিৎসায় কার্যকর প্রমাণিত হওয়া সম্পূর্ণ আলাদা বিষয়।
গোমূত্র পান করে ১৫ মিনিটে জ্বর সেরে যাওয়ার গল্প
২০২৫ সালের জানুয়ারিতে গোমূত্র নিয়ে বিতর্ক আবারও জাতীয় আলোচনায় আসে। এবার আলোচনার কেন্দ্রে ছিলেন আইআইটি মাদ্রাজের পরিচালক অধ্যাপক ভি. কামাকোটি। ১৫ জানুয়ারি চেন্নাইয়ে মাট্টু পোঙ্গল উপলক্ষে একটি গো-সংরক্ষণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এক সন্ন্যাসীর অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
তার ভাষ্য অনুযায়ী, ওই সন্ন্যাসীর প্রচণ্ড জ্বর হয়েছিল। চিকিৎসকের কাছে যাওয়ার পরিবর্তে তিনি গোমূত্র পান করেন এবং ১৫ মিনিটের মধ্যে তাঁর জ্বর সেরে যায়। অধ্যাপক কামাকোটি গোমূত্রের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও হজমে সহায়তাকারী বৈশিষ্ট্যের কথাও উল্লেখ করেন। এমনকি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো সমস্যায় এর উপকারিতার কথা বলেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ২০ জানুয়ারি এবং দ্য উইক ২৩ জানুয়ারি ২০২৫ এ বিষয়ে প্রতিবেদন ও ফ্যাক্টচেক প্রকাশ করে।
দ্য উইকের ফ্যাক্টচেক প্রতিবেদনে চিকিৎসা বিশেষজ্ঞদের মতামত এবং অধ্যাপকের উল্লেখ করা গবেষণাপত্রগুলো পর্যালোচনা করা হয়। সেখানে দেখা যায়, গবেষণাগুলোর অধিকাংশই আরও গবেষণার প্রয়োজনীয়তার কথা বলেছে। কোনো গবেষণাই ১৫ মিনিটে জ্বর সারানোর দাবি কিংবা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের চিকিৎসায় গোমূত্রের কার্যকারিতা প্রতিষ্ঠা করেনি।
যুক্তরাষ্ট্র কি গোমূত্রকে ক্যানসারের ওষুধ স্বীকৃতি দিয়েছে?
গোমূত্রের পক্ষে যুক্তি দিতে প্রায়ই বলা হয়, যুক্তরাষ্ট্রও গোমূত্রের ঔষধি গুণ স্বীকার করে পেটেন্ট দিয়েছে। এই বক্তব্যের পেছনে একটি বাস্তব গবেষণার ইতিহাস রয়েছে। ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর গোমূত্রের পাতিত নির্যাস নিয়ে গবেষণা করেছিল। এ গবেষণার একটি আলোচিত বিষয় ছিল অ্যান্টি-ইনফেকটিভ ও অ্যান্টিক্যানসার ওষুধের কার্যকারিতা বৃদ্ধিতে গোমূত্রের নির্যাসের সম্ভাব্য ব্যবহার।
ভারত সরকারের ২০১২ সালের ৩১ আগস্ট প্রকাশিত সংসদীয় জবাবে গোমূত্রের পাতিত নির্যাসকে বায়ো-এনহ্যান্সার হিসেবে ব্যবহারের একটি পেটেন্টের কথা উল্লেখ করা হয়। আরেকটি পেটেন্টে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যসম্পন্ন ফার্মাসিউটিক্যাল কম্পোজিশনের কথা বলা হয়েছিল।
কিন্তু পেটেন্ট পাওয়া মানে কোনো পণ্য মানুষের রোগ নিরাময়ে কার্যকর বা নিরাপদ হিসেবে অনুমোদিত হওয়া নয়। পেটেন্ট মূলত উদ্ভাবন বা প্রযুক্তিগত প্রক্রিয়ার আইনগত স্বীকৃতি। এটি ক্লিনিক্যাল ট্রায়াল, ওষুধের অনুমোদন কিংবা ক্যানসার নিরাময়ের প্রমাণের বিকল্প নয়। গোমূত্রের নির্যাস নিয়ে গবেষণা হয়েছে—এটি সত্য। কিন্তু সেই তথ্য থেকে কাঁচা গোমূত্র পান করলে ক্যানসার সেরে যায়—এমন সিদ্ধান্ত টানা যায় না।
গবেষণাগারে গোমূত্রের অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা: কতটুকু সত্য?
২০২৪ সালে এভিডেন্স-বেইসড কমপ্লিমেন্টারি অ্যান্ড অলটারনেটিভ মেডিসিন-এ ‘ইন সিলিকো অ্যান্ড ইন ভিট্রো স্টাডিজ অব অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি অব কাউ ইউরিন ডিস্টিলেট (সিইউডি)’ শীর্ষক গবেষণা প্রকাশিত হয়। গবেষকরা গোমূত্রের পাতিত নির্যাস পাঁচ ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে পরীক্ষাগারে পরীক্ষা করেন। গবেষণায় নির্দিষ্ট ঘনত্বে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার ফল পাওয়া যায়। পাশাপাশি কম্পিউটারভিত্তিক বিশ্লেষণও করা হয়।
কিন্তু গবেষণাটির সারসংক্ষেপেই বলা হয়েছে, গোমূত্রকে ওষুধ হিসেবে ব্যবহারের পক্ষে প্রমাণ সীমিত এবং এর নিরাপত্তা ও কার্যকারিতা যথেষ্টভাবে পরীক্ষা করা হয়নি। এখানে পরীক্ষাগারের ফলাফলকে মানবদেহে চিকিৎসার কার্যকারিতার সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। কোনো পদার্থ পরীক্ষাগারে ব্যাকটেরিয়া দমন করতে পারলেও মানুষের শরীরে সেটি একইভাবে কাজ করবে কি না, কী মাত্রায় নিরাপদ হবে এবং পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে—এসব জানতে আরও গবেষণা প্রয়োজন।
গোবর দিয়ে রং: বাড়াবাড়ি নয়, একটি বাস্তব শিল্প উদ্যোগ
গোবরের সব ব্যবহারকে অযৌক্তিক বলা ঠিক হবে না। বরং গোবরের কিছু ব্যবহার আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে নতুন শিল্পের সম্ভাবনা তৈরি করেছে। ২০২১ সালের ১২ জানুয়ারি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের তৈরি ‘খাদি প্রাকৃতিক পেইন্ট’ উদ্বোধন করেন। গোবরকে এর প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর সরকারি বিবৃতিতে পণ্যটিকে পরিবেশবান্ধব, গন্ধহীন এবং ছত্রাক ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর বৈশিষ্ট্যসম্পন্ন বলে বর্ণনা করা হয়। পণ্যটি ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সনদ পেয়েছে বলেও জানানো হয়।
২০২১ সালের নভেম্বরে ভারত সরকার জানায়, ছত্তিশগড় ও হরিয়ানায় এ রং তৈরির জন্য ৩১টি উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ২৫টি ছত্তিশগড়ে এবং ছয়টি হরিয়ানায় স্থাপনের উদ্যোগ ছিল। এ ধরনের উদ্যোগের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। গোবরের বাজার তৈরি হলে গোশালা ও কৃষকের অতিরিক্ত আয় হতে পারে, গ্রামীণ এলাকায় কর্মসংস্থান তৈরি হতে পারে এবং বর্জ্য ব্যবস্থাপনার নতুন পথ তৈরি হতে পারে। তবে এ পণ্যের গুণগত মান ও কার্যকারিতা নিয়ে মূল্যায়নও হতে হবে পরীক্ষিত মানদণ্ডে।
গোবরের উৎসব: তামিলনাড়ুর গোরাইহাব্বা
ভারতের গোবরকেন্দ্রিক চর্চার আরেকটি ব্যতিক্রমী উদাহরণ হলো তামিলনাড়ুর গোরাইহাব্বা বা গোবর উৎসব। দীপাবলির পর নির্দিষ্ট সময়ে তামিলনাড়ুর থালাভাড়ি অঞ্চলের কিছু গ্রামে এ উৎসব পালিত হয়। উৎসবে গোবরের স্তূপ থেকে গোবর সংগ্রহ করে মানুষ একে অপরের দিকে ছুড়ে মারেন। এটি স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত একটি ঐতিহ্য।
২০১৯ সালের অক্টোবরের শেষ দিকে এ উৎসবের ছবি ও ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পরে ২০২০ সালের মার্চে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পুরোনো ওই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে। সেগুলোকে করোনা প্রতিরোধের নামে গোবর ছোড়াছুড়ির ঘটনা বলে প্রচার করা হয়।
এএফপির ফ্যাক্টচেক ২০২০ সালের মার্চে জানায়, ছবিগুলো করোনার সময়কার নয়; এগুলো ২০১৯ সালের গোরাইহাব্বা উৎসবের। এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়—ভারতের প্রতিটি গোবরকেন্দ্রিক ধর্মীয় বা সাংস্কৃতিক চর্চাকে চিকিৎসার নামে বাড়াবাড়ি বলা যাবে না। স্থানীয় ঐতিহ্যকে তার নিজস্ব প্রেক্ষাপটে বুঝতে হবে।
গোবরের ধোঁয়া কি পরিবেশ বিশুদ্ধ করে?
ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় অনুষ্ঠানে গোবরের ঘুঁটি পোড়ানোর প্রচলন রয়েছে। কোথাও হোম-যজ্ঞ, কোথাও পূজা, আবার কোথাও হোলিকা দহনের মতো উৎসবে গোবরের ব্যবহার দেখা যায়। ২০২০ সালের মার্চে বারাণসীতে হোলিকা দহনের জন্য কাঠের পরিবর্তে গোবরের ঘুঁটি ব্যবহারের খবর টাইমস অব ইন্ডিয়া-তে প্রকাশিত হয়েছিল। স্থানীয় কিছু বাসিন্দার বক্তব্য ছিল, এতে গাছ কাটার প্রয়োজন কমবে।
তবে এখানে পরিবেশগত মূল্যায়ন জরুরি। কাঠের পরিবর্তে গোবর ব্যবহার করা গেলেও গোবর পোড়ানোর ধোঁয়া সম্পূর্ণ দূষণমুক্ত নয়। জৈব জ্বালানি পোড়ালে সূক্ষ্ম বস্তুকণা ও অন্যান্য দূষক তৈরি হতে পারে। এগুলো শ্বাসতন্ত্র ও হৃদ্স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। সুতরাং গোবরের জ্বালানি হিসেবে ব্যবহার এবং গোবরের ধোঁয়া দিয়ে বাতাস বিশুদ্ধ করার দাবি এক বিষয় নয়।
ভারতের রাষ্ট্রীয় গবেষণা ও ‘কাউপ্যাথি’
গোবর ও গোমূত্র নিয়ে ভারতের রাষ্ট্রীয় গবেষণাও বিতর্কের অংশ। ২০২০ সালে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনে দেশীয় গরুর বিভিন্ন উপাদান নিয়ে গবেষণার জন্য ‘এসইউটিআরএ’ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এর পূর্ণরূপ সায়েন্টিফিক ইউটিলাইজেশন থ্রু রিসার্চ অগমেন্টেশন–প্রাইম প্রোডাক্টস ফ্রম ইনডিজেনাস কাউস। এ ধরনের গবেষণার উদ্দেশ্য ছিল দেশীয় গরুর দুধ, দই, ঘি, গোবর ও গোমূত্রের রাসায়নিক, জৈবিক ও ব্যবহারিক বৈশিষ্ট্য অনুসন্ধান করা।
গবেষণার ক্ষেত্রে গোবরের জৈবসার, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি উৎপাদন এবং গোমূত্রের রাসায়নিক উপাদান নিয়ে অনুসন্ধানের সুযোগ রয়েছে। কিন্তু কোনো গবেষণার জন্য সরকারি অর্থ বরাদ্দ হওয়া মানেই গবেষণার প্রত্যাশিত ফলাফল আগে থেকেই সত্য বলে ধরে নেওয়া যায় না। রাষ্ট্রীয় অর্থায়নে গবেষণার ক্ষেত্রে স্বাধীন বৈজ্ঞানিক মূল্যায়ন, গবেষণার ফল প্রকাশ, অর্থ ব্যয়ের স্বচ্ছতা এবং মানবস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
ভারতের সংসদেও উঠেছে গোমূত্রের চিকিৎসাগত দাবি
গোমূত্রের কথিত ঔষধি গুণ নিয়ে বিতর্ক ভারতের সংসদেও পৌঁছেছে। ২০২৫ সালের ৪ এপ্রিল লোকসভায় ‘মেডিসিনাল ইফেক্টস অব কাউ ইউরিন’ শিরোনামে প্রশ্ন উত্থাপন করেন সাংসদ এস ভেঙ্কটেশন।
তিনি জানতে চান, সরকারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের গোমূত্রের চিকিৎসাগত উপকারিতা নিয়ে অবৈজ্ঞানিক বক্তব্য না দেওয়ার বিষয়ে সরকার কোনো নির্দেশনা দিয়েছে কি না। সাধারণ মানুষকে বিভ্রান্তিকর চিকিৎসা-সংক্রান্ত ধারণা থেকে সতর্ক করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, সেটিও জানতে চান।
জবাবে আয়ুষ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব জানান, গোমূত্র সম্পর্কে অবৈজ্ঞানিক বক্তব্য না দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় আলাদা কোনো নির্দেশনা জারি করেনি। তবে তিনি জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর আয়ুষ মন্ত্রণালয় আয়ুর্বেদ, সিদ্ধ, ইউনানি ও হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে বিভ্রান্তিকর বিজ্ঞাপন থেকে জনগণকে সতর্ক করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এই সংসদীয় প্রশ্নের তাৎপর্য রয়েছে। বিষয়টি শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি জনস্বাস্থ্য, রাষ্ট্রীয় দায়িত্ব এবং চিকিৎসা-সংক্রান্ত তথ্যের বিশ্বাসযোগ্যতার সঙ্গেও যুক্ত হয়েছে।
গোবর ও গোমূত্রের প্রকৃত অর্থনৈতিক সম্ভাবনা
গোবর ও গোমূত্র নিয়ে অপ্রমাণিত চিকিৎসাগত দাবির সমালোচনা করতে গিয়ে এগুলোর বাস্তব ব্যবহার অস্বীকার করাও ঠিক হবে না। গোবর থেকে কম্পোস্ট, ভার্মিকম্পোস্ট, বায়োগ্যাস ও জৈব জ্বালানি তৈরি করা সম্ভব। কৃষিজমির মাটির গুণগত মান উন্নয়নে প্রক্রিয়াজাত গোবর ব্যবহার করা যায়। গোবরভিত্তিক রং, কাগজ ও অন্যান্য পণ্য তৈরিরও সম্ভাবনা রয়েছে।
ভারত সরকারের ‘গোবরধন’ কর্মসূচির মূল লক্ষ্যও গোবর ও কৃষিজ বর্জ্যকে সম্পদে রূপান্তর করা। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি, পরিচ্ছন্ন জ্বালানি এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের সুযোগ রয়েছে। এখানে গোবরকে ধর্মীয় অলৌকিক উপাদান হিসেবে নয়, বরং কৃষি ও শিল্পের কাঁচামাল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এটাই গোবর ব্যবহারের একটি বাস্তবসম্মত পথ। গোবরের অর্থনৈতিক মূল্য বাড়ানোর জন্য গবেষণা, প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ও বাজার সম্প্রসারণে বিনিয়োগ করা যেতে পারে। কিন্তু এর সঙ্গে অপ্রমাণিত চিকিৎসার দাবি যুক্ত করার প্রয়োজন নেই।
বিশ্বাস, রাজনীতি ও বাড়াবাড়ির মধ্যকার সীমারেখা
ভারতের গোবর ও গোমূত্রকেন্দ্রিক বিতর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে।
প্রথমত, ধর্মীয় পবিত্রতার ধারণাকে চিকিৎসাবিজ্ঞানের সত্য হিসেবে উপস্থাপনের প্রবণতা রয়েছে। কোনো ধর্মীয় উপাদানকে পবিত্র মনে করা ব্যক্তিগত ও সামষ্টিক বিশ্বাসের বিষয়। কিন্তু সেটিকে রোগ নিরাময়ের উপায় হিসেবে প্রচার করলে তার বৈজ্ঞানিক প্রমাণ প্রয়োজন।
দ্বিতীয়ত, রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। কোনো সাংসদ, মন্ত্রী, বিধায়ক কিংবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক যখন চিকিৎসাগত দাবি করেন, তখন সাধারণ মানুষ সেটিকে বিশেষজ্ঞ মতামত বলে ধরে নিতে পারেন। ফলে তাদের বক্তব্যে দায়িত্বশীলতা জরুরি।
তৃতীয়ত, ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি হয়। গোমূত্রের চোখের ড্রপ, টুথপেস্ট কিংবা ক্যানসার ও ডায়াবেটিসের চিকিৎসার নামে পণ্য বিক্রির ক্ষেত্রে কার্যকারিতা ও নিরাপত্তার প্রমাণ থাকা প্রয়োজন। শুধু প্রাকৃতিক, দেশীয় কিংবা ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য উপাদান দিয়ে তৈরি—এমন পরিচয় কোনো পণ্যের চিকিৎসাগত কার্যকারিতা নিশ্চিত করে না।
চতুর্থত, রাষ্ট্রীয় গবেষণা ও ধর্মীয় ঐতিহ্যের সম্পর্ককে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা প্রয়োজন। গবেষণার ফলাফল ইতিবাচক হলে তা প্রকাশ করতে হবে, নেতিবাচক হলে সেটিও জানাতে হবে। গবেষণাকে আগে থেকেই কোনো বিশ্বাসের পক্ষে বা বিপক্ষে পরিচালিত করা উচিত নয়।
পঞ্চমত, জনস্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হলো প্রমাণিত চিকিৎসার পরিবর্তে অপ্রমাণিত পদ্ধতির ওপর নির্ভরতা। ক্যানসার, ডায়াবেটিস, সংক্রমণ কিংবা মহামারির চিকিৎসায় গোবর বা গোমূত্রকে পরীক্ষিত চিকিৎসার বিকল্প হিসেবে গ্রহণ করলে রোগীর জীবন বিপন্ন হতে পারে।
চিকিৎসার মানদণ্ড হোক বিজ্ঞান
ভারতে গোবর ও গোমূত্র নিয়ে বিতর্ককে শুধু ধর্মীয় বিশ্বাস বনাম আধুনিক বিজ্ঞান হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। এর সঙ্গে কৃষি, পরিবেশ, ঐতিহ্যবাহী চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রীয় গবেষণা এবং জনস্বাস্থ্যের সম্পর্ক রয়েছে।
গোবরের জৈবসার, বায়োগ্যাস ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় বাস্তব উপযোগিতা রয়েছে। গোবর থেকে রং তৈরির মতো শিল্প উদ্যোগও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে। গোমূত্রের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়েও গবেষণার সুযোগ রয়েছে। পঞ্চগব্য ঐতিহ্যগত চিকিৎসার ইতিহাসের একটি অংশ।
কিন্তু গবেষণার সম্ভাবনাকে প্রমাণিত চিকিৎসা হিসেবে প্রচার করা, পেটেন্টকে রোগ নিরাময়ের স্বীকৃতি হিসেবে দেখানো, গোমূত্র পান করে ক্যানসার বা করোনা সারানোর দাবি করা কিংবা গোবর শরীরে মাখলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে বলে প্রচার করা—এসবের পক্ষে পর্যাপ্ত নির্ভরযোগ্য মানব-পর্যায়ের বৈজ্ঞানিক প্রমাণ নেই।
ভারতের অভিজ্ঞতা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়—ধর্মীয় আবেগ, রাজনৈতিক বক্তব্য ও বাণিজ্যিক স্বার্থ যখন চিকিৎসাবিজ্ঞানের জায়গা দখল করতে শুরু করে, তখন সাধারণ মানুষই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে।
গরুর প্রতি শ্রদ্ধা থাকতে পারে, গোবরের অর্থনৈতিক ব্যবহার বাড়তে পারে, ঐতিহ্যবাহী চিকিৎসা নিয়ে গবেষণাও চলতে পারে। কিন্তু মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই। বিশ্বাসের জায়গা বিশ্বাসের কাছে, ঐতিহ্যের জায়গা ঐতিহ্যে, আর চিকিৎসার সিদ্ধান্ত হতে হবে পরীক্ষিত বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে।