কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প ও প্রযুক্তিতে চীনের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে ভারত। কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও যন্ত্রাংশের সরবরাহ ব্যবস্থাকে বেইজিংয়ের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটি বিশেষ উদ্যোগে যোগ দিয়েছে দিল্লি। ‘সান ফ্রান্সিসকো ডিক্লারেশন অন দ্য সিকিওর ফাউন্ডেশনস অব এন্ডিউরিং প্রসপারিটি’ নামে এই চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ইজ়রায়েল, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ভারত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। আগামী সপ্তাহে জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস এবং ইউরোপীয় কমিশনও এই চুক্তিতে যোগ দিতে পারে বলে আশা করা হচ্ছে।
উন্নত এআই চিপের ওপর চীনের নিয়ন্ত্রণ বা সেগুলো পাওয়ার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ক্রমশ বাড়ছে। বিশেষ করে এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক এআই চিপ নিয়ে চিন্তিত ওয়াশিংটন। ‘দ্য ফাইন্যান্সিয়াল টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সংস্থাগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন, যাদের বিরুদ্ধে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ বেআইনিভাবে চীনে পাচার করার সন্দেহ রয়েছে।
সিলিকন ভ্যালির সরবরাহ শৃঙ্খল সমৃদ্ধশালী ও নিরাপদ রাখতে এবং এর উদ্ভাবনী শক্তি দৃঢ় করতে এই জোটের সূত্রপাত। আর সেই জোটের অংশীদার হওয়া ভারতের প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন ভারতীয় প্রযুক্তি বিশেষজ্ঞেরা। এই চুক্তিতে যোগ দেওয়ার ফলে বিশ্বজুড়ে প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে ভারতের অবস্থান আরো মজবুত হতে পারে বলে আশা করছেন তারা।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ