কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার সকালে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছিনতাইয়ের হুমকি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিমানটির শৌচালয়ের আয়নায় ছিনতাইয়ের হুমকি-সংবলিত একটি বার্তা লেখা দেখতে পান সংশ্লিষ্টরা। উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় বিষয়টি নজরে আসে। এর পরই দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি জানান পাইলট।
ঘটনার পর বিমানটিকে বিমানবন্দরের একটি নির্দিষ্ট নিরাপত্তা এলাকায় সরিয়ে নেওয়া হয়। সেখানে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বিমানবন্দরের বিশেষ নিরাপত্তাকর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন। কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন নিরাপত্তাকর্মীরা।
এদিকে, কে বা কারা উড়োজাহাজের আয়নায় ওই হুমকিবার্তা লিখেছে এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। বিমানবন্দর চত্বরের পাশাপাশি বিমানের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছেন।
সূত্র: এনডিটিভি
আরএ