ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে মন্তব্য করে নতুন রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় তিনি বলেন, ভারতের জাতীয় স্বার্থ ও প্রতিরক্ষা প্রয়োজন বিবেচনায় ইসরাইলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক থাকা জরুরি। অস্ত্র কেনার ক্ষেত্রেও ভারতের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।
তবে একই সঙ্গে তিনি হামাসের ৭ অক্টোবরের হামলা এবং গাজায় ইসরাইলি সামরিক অভিযানেরও নিন্দা জানান। রাহুলের ভাষায়, ইসরাইলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অর্থ গাজায় তেলআবিবের কর্মকাণ্ডের বিরুদ্ধে নীরব থাকা নয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন কিংবা ইসরাইল—কোনো দেশের চাপেই ভারতের নিজস্ব অবস্থান থেকে সরে আসা উচিত নয়।
রাহুলের এই বক্তব্যে অস্বস্তিতে পড়েছে কংগ্রেসের রাজনৈতিক মিত্ররা। তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ও মা সোনিয়া গান্ধী অতীতে গাজায় ইসরাইলি হামলাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। প্রিয়াঙ্কা ভারতের সরকারের নীরবতারও সমালোচনা করেছেন। অন্যদিকে, বামপন্থি ছাত্রনেতা নেহা বোরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছেন।
কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিআই(এম) নেতা পিনারাই বিজয়ন রাহুলের বক্তব্যকে কংগ্রেসের ‘প্রকাশ্য দ্বিচারিতা’ বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, গাজায় হাজারো শিশুসহ নিরীহ মানুষের প্রাণহানির জন্য দায়ী একটি দেশের সঙ্গে আরো শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ার পক্ষে অবস্থান নেওয়া নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। তার মতে, এই অবস্থান জওহরলাল নেহরুর সাম্রাজ্যবাদবিরোধী পররাষ্ট্রনীতির ঐতিহ্যেরও পরিপন্থি।
সিপিআই(এমএল) লিবারেশনও রাহুলের বক্তব্যের সমালোচনা করেছে। দলটির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, গাজায় গণহত্যা ও ফিলিস্তিনের ওপর ইসরাইলি দখলদারত্ব চলতে থাকলে দেশটির সঙ্গে স্বাভাবিক বা কৌশলগত সম্পর্ক বজায় রাখার সুযোগ নেই।
কংগ্রেসের অবস্থান নিয়ে বিতর্ক
২০২৩ সালের ১৭ নভেম্বর প্রকাশিত এক নিবন্ধে সোনিয়া গান্ধী গাজায় ইসরাইলের অবরোধ ও সামরিক অভিযানের সমালোচনা করেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত না করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ২০২৫ সালেও প্রিয়াঙ্কা গান্ধী গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে ভারতের নীরবতার সমালোচনা করেন।
অন্যদিকে, রাহুলের বক্তব্যকে সমর্থন করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। তার মতে, ইসরাইলের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখা এবং গাজায় দেশটির সামরিক অভিযানের বিরোধিতা করা—দুটি আলাদা বিষয়। ভারতের প্রতিরক্ষা ও জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সংকটেও দেশটির স্বাধীন অবস্থান তুলে ধরতে হবে।
ভারত আনুষ্ঠানিকভাবে এখনো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ইসরাইলের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে।
মূল বিতর্কটি তাই শুধু ইসরাইলের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নয়; বরং জাতীয় স্বার্থ, ফিলিস্তিনের প্রতি সংহতি এবং নেহরুর পররাষ্ট্রনীতির ঐতিহ্যের মধ্যে ভারসাম্য রক্ষা নিয়ে। রাহুল গান্ধীর অবস্থান সেই প্রশ্নেই কংগ্রেসের ভেতরে ও মিত্রশিবিরে নতুন মতপার্থক্য তৈরি করেছে।
আরএ