ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মুম্বাইয়ের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন ও চ্যাটজিপিটি ব্যবহারের ঘটনায় ধরা পড়ার পর আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের পাওয়াই ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সাহিল ওয়াকোড়ে। তিনি আইআইটির এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সময় উত্তর খুঁজতে তিনি প্রশ্নপত্রের ছবি চ্যাটজিপিটিতে আপলোড করেছিলেন।
আইআইটি কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও বিভাগের প্রধান তার সঙ্গে কথা বলেন। তারা তাকে পরামর্শ দেন এবং আশ্বস্ত করেন যে এ ঘটনা তার শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে না।
আলোচনার পর সাহিল তার হোস্টেল কক্ষে ফিরে যান। পরে সন্ধ্যায় কক্ষের ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ নিয়ে গত ছয় মাসে আইআইটি মুম্বাইয়ের পাওয়াই ক্যাম্পাসে তৃতীয় আত্মহত্যার ঘটনা ঘটল।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আইআইটি বোম্বে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর বন্ধু, সহপাঠী, শিক্ষক ও অন্যদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। মৃত্যুর কারণ ও পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
এদিকে সাহিলের মা অভিযোগ করেছেন, তার ছেলেকে হয়রানি করা হয়েছিল। তিনি বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তাকে ভয়াবহভাবে হয়রানি করা হয়েছিল। আমি বিচার চাই। আমি অভিযোগ দায়ের করেছি।’
সূত্র: এনডিটিভি
এমএমআর