ভারতের পাঞ্জাবের অমৃতসরে এলজিবিটিকিউ ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট মাদ সান্ধুকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা সান্ধুকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, অমৃতসরে মাদ সান্ধুকে লক্ষ্য করে গুলি চালানোর পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ কমিশনার সিরিভেনেলা বলেন, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি সান্ধুর ওপর গুলি চালিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
নিহতের পুরো নাম মধুসূদন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে তিনি ‘মাদ সান্ধু’ নামেই বেশি পরিচিত ছিলেন। মেকআপ, চলচ্চিত্র ও লিঙ্গবিষয়ক নানা আলোচনায় পডকাস্টের অতিথি হিসেবে অংশ নিতেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমকামিতা নিয়ে প্রায়ই ট্রোলের শিকার হতেন সান্ধু।
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কস্টিউম ডিজাইনার ও স্টাইলিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। পরে ইনস্টাগ্রাম রিল ও ভাইরাল ভিডিওর মাধ্যমে পরিচিতি পান। কয়েকটি পাঞ্জাবি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘ও পল্লে ওয়েরে’ উল্লেখযোগ্য।
হত্যাকাণ্ডের পরপরই ‘গোল্ডি ধিলোঁ’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হত্যার দায় স্বীকারের দাবি করা হয়। ওই পোস্টে বলা হয়, সান্ধু ‘পাঞ্জাবকে নষ্ট করছিলেন’।
তবে পোস্টটি যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদেরই, তা এখনো নিশ্চিত হয়নি। পুলিশ বলছে, দায় স্বীকারের ওই ফেসবুক পোস্ট খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গত বছরের জুনে পাঞ্জাবের ভাতিন্দায় ‘কমল কৌর ভাবি’ নামে আরেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে হত্যার ঘটনা ঘটে। তার ভিডিওগুলো ছিল অশ্লীল।
মাদ সান্ধু হত্যার সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো জানা যায়নি।
এএম