আগামী কয়েক দশকেও ভারত প্রধানত হিন্দু অধ্যুষিত দেশ হিসেবেই থাকবে। তবে সময়ের সঙ্গে দেশটির ধর্মীয় জনসংখ্যার অনুপাতে ধীরে ধীরে পরিবর্তন আসবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক নতুন গবেষণায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
গবেষণা অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ ভারতের মোট জনসংখ্যার ৭৬ শতাংশ হবে হিন্দু। ২০২০ সালে এই হার ছিল ৭৯ শতাংশ। অন্যদিকে, একই সময়ে দেশটির মুসলিম জনসংখ্যার অনুপাত ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে দাঁড়াতে পারে।
জনসংখ্যার এই পরিবর্তনের প্রধান কারণ হিসেবে ধর্মীয় জনগোষ্ঠীগুলোর বয়সের পার্থক্য এবং সন্তান জন্মদানের হারের ভিন্নতাকে চিহ্নিত করেছে পিউ। ভারতের মুসলমানদের গড় বয়স হিন্দুদের তুলনায় কম। পাশাপাশি মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হারও তুলনামূলক বেশি।
পিউয়ের এই পূর্বাভাসে দক্ষিণ এশিয়ার বৃহত্তর জনমিতিক পরিবর্তনের চিত্রও উঠে এসেছে। গবেষণা বলছে, বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে পাকিস্তান। আর ভারত উঠে আসবে দ্বিতীয় অবস্থানে। বাংলাদেশেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ধারণা করা হয়েছে।
বিশ্বের ধর্মীয় জনগোষ্ঠীগুলোর ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে করা এই গবেষণায় ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে বিশ্বের প্রায় সমগ্র জনসংখ্যা অন্তর্ভুক্ত হয়েছে।
গবেষণা অনুযায়ী, ২০৭০ সালে ভারতে মুসলমানের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৩৩ কোটি ৪০ লাখে। এর মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে ভারত। প্রথম অবস্থানে থাকবে পাকিস্তান। দেশটিতে মুসলমানের সংখ্যা বেড়ে প্রায় ৪৬ কোটি ১০ লাখ হতে পারে।
তবে ভারতের ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন নিয়ে অতিরঞ্জিত আশঙ্কার পক্ষে কোনো ভিত্তি দেখছে না গবেষণাটি।
পিউয়ের হিসাবে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ভারতে হিন্দু জনসংখ্যা আরো ১৭ কোটি ৬০ লাখ বাড়বে। ফলে দেশটির মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি হিন্দুই থাকবেন।
ভারতে সামগ্রিকভাবে সন্তান জন্মদানের হার উল্লেখযোগ্যভাবে কমলেও মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার এখনো হিন্দু নারীদের তুলনায় বেশি। তবে দুই সম্প্রদায়ের মধ্যে এই ব্যবধান ক্রমেই কমছে।
পিউয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার হবে ২ দশমিক ৩। হিন্দু নারীদের ক্ষেত্রে এই হার ১ দশমিক ৮।
পিউ রিসার্চ সেন্টারের গবেষক স্টেফানি ক্রেমার বিবিসিকে বলেন, ‘ভারতে ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন মূলত হিন্দু ও মুসলমানদের মধ্যে দীর্ঘদিনের জনমিতিক পার্থক্যের কারণেই ঘটবে। মুসলমানদের গড় বয়স তুলনামূলক কম এবং তাদের সন্তান জন্মদানের হার বেশি।’
ভারতীয় জনসংখ্যাবিদ ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক কে এস জেমসও এই পূর্বাভাসকে অপ্রত্যাশিত মনে করছেন না।
তিনি বিবিসিকে বলেন, ‘হিন্দু ও মুসলমানদের মধ্যে সন্তান জন্মদানের হারের পার্থক্য সুপ্রতিষ্ঠিত। এ কারণে আগামী কয়েক দশক মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বাড়তে পারে। তবে সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই সন্তান জন্মদানের হার কমছে এবং এই ব্যবধানও আরো সংকুচিত হবে।’
তার মতে, ‘শেষ পর্যন্ত দুই সম্প্রদায়ের সন্তান জন্মদানের হার কাছাকাছি চলে আসবে।’ তিনি বলেন, এই পূর্বাভাস ভারতের জনমিতিক গতিপথে নাটকীয় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না।
ভারতে মুসলমানদের জনসংখ্যা একসময় হিন্দুদের ছাড়িয়ে যাবে—এমন দাবি প্রায়ই করে থাকে হিন্দুত্ববাদী বিভিন্ন গোষ্ঠী। তবে জনসংখ্যাবিদেরা এ ধরনের দাবির সঙ্গে একমত নন। তাদের মতে, ধর্মান্তরের কারণে ভারতের জনসংখ্যায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটছে—এমন প্রমাণ নেই। পিউয়ের পূর্বাভাসেও মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠার মতো কোনো পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায় না।
দক্ষিণ এশিয়ায় মুসলিম জনসংখ্যার পরিবর্তন
পিউর গবেষণায় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে।
গবেষণা অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ পাকিস্তানের মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর মধ্য দিয়ে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে পাকিস্তান।
একই সময়ে ভারতে মুসলমানের সংখ্যা হবে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ এবং বাংলাদেশে তা বেড়ে দাঁড়াতে পারে ২১ কোটি ৮০ লাখে।
অন্যদিকে, ভারত ও নেপালই বিশ্বের একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে টিকে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি
আরএ