ভারত-শাসিত কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহের অবসান ঘটেছে বলে দাবি করছে দেশটির সরকার। সম্প্রতি লস্কর-ই-তাইয়েবার (এলইটি) কমান্ডার মোহাম্মদ লতিফ ভাট নিহত হওয়ার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, উপত্যকায় এখন আর কোনো স্থানীয় তরুণ সশস্ত্র তৎপরতায় যুক্ত নেই। তবে বিশ্লেষক ও সাবেক নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, কাশ্মীরে সশস্ত্র সংঘাত শেষ হয়নি বরং এর ধরন ও কৌশল বদলেছে। নতুন নামে সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম, পুলিশের তালিকার বাইরে থাকা যোদ্ধাদের তৎপরতা, বিদেশি যোদ্ধাদের ওপর নির্ভরতা এবং জম্মুর বনাঞ্চলে সহিংসতার বিস্তার সেই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
গত ১৮ নভেম্বর ভারত-শাসিত কাশ্মীরের কুলগাম জেলার জাঙ্গালপোরা গ্রামের একটি মসজিদে অভিযান চালিয়ে লতিফ ভাটকে হত্যা করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তাকে ধরতে সাত দিন ধরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মসজিদটিতে তাকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে নিহত হন ভাট।
পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন ভাট। এর এক সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই ঘটনায় তার সঙ্গে আরেকজন সশস্ত্র ব্যক্তি অংশ নিয়েছিলেন। এতে তিন সেনাসদস্য আহত হন। ওই হামলার কয়েক দিনের মধ্যে ভাটের সহযোগীও নিহত হন।
তবে ভাটের মৃত্যুর ঘটনাটি ভারতের জাতীয় পর্যায়ে বিশেষ গুরুত্ব পায়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় দাবি করেন, নিহত হওয়ার আগে ভাটই ছিলেন কাশ্মীর উপত্যকার সর্বশেষ স্থানীয় সশস্ত্র যোদ্ধা।
শাহ বলেন, এ ঘটনা উপত্যকার নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি তাদের জন্য গর্বের বিষয়। তার ভাষায়, বর্তমানে উপত্যকায় কোনো কাশ্মীরি তরুণ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত নেই।
জম্মু-কাশ্মীর পুলিশও দাবি করেছে, ১৯৮৯ সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরুর পর এই প্রথম লস্কর-ই-তাইয়েবার কোনো স্থানীয় যোদ্ধা উপত্যকায় সক্রিয় নেই।
তবে বিশ্লেষক ও সাবেক নিরাপত্তা কর্মকর্তারা সরকারের এই দাবির সঙ্গে একমত নন। তাদের মতে, সশস্ত্র তৎপরতা বন্ধ হয়নি, বরং নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশের সাবেক উপমহাপরিদর্শক ইসরার খান ভাটের হত্যাকে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য এবং লস্কর-ই-তাইয়েবার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। তবে তার মতে, পুলিশের সরকারি নথিতে নাম না থাকলেও সশস্ত্র ব্যক্তিরা সক্রিয় থাকতে পারেন।
আলজাজিরাকে ইসরার খান বলেন, তার অভিজ্ঞতা থেকে তিনি নিশ্চিতভাবে বলতে পারেন, ভাট সর্বশেষ সশস্ত্র যোদ্ধা ছিলেন না। কারণ, এমন অনেক যোদ্ধা সক্রিয় রয়েছেন, যাদের নাম পুলিশের নথিতে নেই।
‘হাইব্রিড যোদ্ধাদের’ তৎপরতা
পুলিশের ভাষায়, এ ধরনের ব্যক্তিদের বলা হয় ‘হাইব্রিড মিলিট্যান্ট’ বা হাইব্রিড যোদ্ধা। ২০২০ সালের দিকে কাশ্মীরে শব্দটির প্রচলন শুরু হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, এসব ব্যক্তি পরিচিত সশস্ত্র যোদ্ধাদের তালিকার বাইরে থেকে হামলায় অংশ নেন।
২০২১ সালে পুলিশ তাদের ‘বেসামরিক মানুষের ছদ্মবেশে থাকা সন্ত্রাসী’ এবং ‘খণ্ডকালীন সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করার পর শব্দটি বেশি পরিচিতি পায়।
নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখেন। স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ নেন এবং সুযোগ বুঝে হামলা চালান। এরপর আবার স্বাভাবিক জীবনে ফিরে যান। ফলে তাদের শনাক্ত করা নিরাপত্তা বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে।
তখন নিরাপত্তা বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, হাইব্রিড যোদ্ধাদের আবির্ভাব সশস্ত্র গোষ্ঠীগুলোর কৌশল পরিবর্তনের ইঙ্গিত। প্রকাশ্যে সদস্য সংগ্রহ বা অস্ত্র প্রদর্শনের পরিবর্তে এসব গোষ্ঠী এমন ব্যক্তিদের ব্যবহার করতে পারে, যারা বাইরে থেকে স্বাভাবিক বেসামরিক জীবনযাপন করেন। এতে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে তাদের পক্ষে হামলা চালানো সহজ হয়।
তবে ‘হাইব্রিড যোদ্ধা’ শব্দটির ব্যবহার নিয়েও প্রশ্ন রয়েছে। কয়েকজন বিশ্লেষক ও মানবাধিকারকর্মীর অভিযোগ, কাদের এই পরিচয়ে চিহ্নিত করা হবে, তা কর্তৃপক্ষ স্পষ্ট করেনি। তাদের আশঙ্কা, আগে যাদের সশস্ত্র গোষ্ঠীর সমর্থক হিসেবে বিবেচনা করা হতো, তাদেরও এই পরিচয়ে চিহ্নিত করা হতে পারে। এমনকি এর মাধ্যমে কার্যত প্রতিটি কাশ্মীরিকে সম্ভাব্য হুমকি হিসেবে দেখানোর সুযোগ তৈরি হতে পারে।
কাশ্মীরে হাইব্রিড যোদ্ধা হিসেবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার কোনো একক সরকারি মোট হিসাবও নেই। জম্মু-কাশ্মীর পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা বিভিন্ন অভিযানে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। তবে সব মিলিয়ে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।
ইসরার খানের মতে, এ ধরনের যোদ্ধাদের উপস্থিতির কারণে ভাট সত্যিই উপত্যকার সর্বশেষ স্থানীয় সশস্ত্র ব্যক্তি ছিলেন কি না, তা নিশ্চিত করে বলা কঠিন।
তিনি বলেন, আগামী পাঁচ থেকে ছয় মাস খুব গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কাশ্মীরি তরুণদের সংশ্লিষ্টতা পাওয়া যায়, এমন কোনো নতুন হামলার ঘটনা ঘটলে সরকারের দাবিটি নতুন করে পর্যালোচনা করতে হবে।
নতুন নামে সশস্ত্র গোষ্ঠী
হাইব্রিড যোদ্ধাদের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে নতুন নামে কার্যক্রম চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোও ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
ভারত-শাসিত কাশ্মীরে সক্রিয় এমন দুটি গোষ্ঠী হলো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এবং পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ)। ২০১৯ সালের আগস্টে ভারত কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করার পর গোষ্ঠী দুটির আবির্ভাব ঘটে।
২০২৫ সালে কাশ্মীরের পেহেলগামে বেসামরিক মানুষের ওপর হামলার দায় স্বীকার করেছিল টিআরএফ। ওই হামলায় বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর জেরে ওই বছরের মে মাসে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধ হয়।
নিরাপত্তা সংস্থা ও সন্ত্রাসবাদবিরোধী বিশ্লেষকদের মতে, টিআরএফ ও পিএএফএফ পাকিস্তানভিত্তিক প্রতিষ্ঠিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কিত সহযোগী সংগঠন।
তাদের ধারণা, মূল গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক আড়াল করা, স্থানীয় পরিচয় তুলে ধরা এবং আন্তর্জাতিক নজরদারি এড়ানোর উদ্দেশ্যে এসব সংগঠন গড়ে তোলা হয়েছে। বিশেষ করে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) মতো আন্তর্জাতিক সংস্থার নজরদারি এড়ানোও এর একটি উদ্দেশ্য।
বিশ্লেষকদের মতে, নতুন নামে এসব সংগঠনের আবির্ভাব থেকে বোঝা যায়, পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের কার্যক্রম পরিচালনা করছে।
কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী নূর আহমদ বাবা বলেন, এর আগেও স্থানীয় তরুণেরা সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন না বলে দাবি করা হয়েছিল। কিন্তু জম্মু-কাশ্মীরে মাঝেমধ্যেই হামলার ঘটনা ঘটেছে।
আলজাজিরাকে তিনি বলেন, ২০১৯ সালের পরও কাশ্মীরকে সশস্ত্র তৎপরতামুক্ত ঘোষণা করার মতো দাবি করা হয়েছিল। এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যেকোনো কিছুই ঘটতে পারে। তবে মাঠপর্যায়ের বাস্তবতা বিশ্লেষণ করলে ভিন্ন চিত্র পাওয়া যায়।
নূর আহমদ বাবা বলেন, এর অর্থ এই নয় যে নিরাপত্তা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তবে বিশ্লেষকদের মতে, কাশ্মীর উপত্যকায় স্থানীয় তরুণদের সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেওয়ার প্রবণতা কমে থাকতে পারে। একই সময়ে দক্ষিণের জম্মু অঞ্চলে সশস্ত্র সহিংসতার নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে।
সহিংসতার ভৌগোলিক বিস্তার
দীর্ঘদিন তুলনামূলক শান্ত থাকার পর জম্মু অঞ্চলে আবারও সশস্ত্র সহিংসতা বেড়েছে। ২০২১ সাল থেকে সেখানে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক।
প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের কারণে সশস্ত্র ব্যক্তিদের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি লাদাখে চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় জম্মু থেকে কিছু সেনা পুনর্বিন্যাস করা হয়েছে। এসব কারণে জম্মু অঞ্চলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কমেছে।
বিশ্লেষকদের ধারণা, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কমে যাওয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো সেখানে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পেয়েছে।
নিরাপত্তা কর্মকর্তা ও বিশ্লেষকদের ভাষ্য, এসব যোদ্ধা এখন এনক্রিপ্ট করা স্যাটেলাইট ফোনসহ বিভিন্ন নিরাপদ যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করছেন। এতে স্থানীয় যোগাযোগের ওপর তাদের নির্ভরতা কমছে। পাশাপাশি তাদের অবস্থান শনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে।
এই পরিবর্তন কাশ্মীর উপত্যকায় স্থানীয় সশস্ত্র যোদ্ধার অনুপস্থিতিকে বিদ্রোহের অবসান হিসেবে দেখানোর সরকারি বক্তব্যকে প্রশ্নের মুখে ফেলেছে। বরং এটি ইঙ্গিত দিচ্ছে, নজরদারি ও নিরাপত্তা অভিযান জোরদার হওয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো বিদেশি যোদ্ধা, নিরাপদ যোগাযোগব্যবস্থা এবং নিরাপত্তা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন—এমন দুর্গম ভূখণ্ডের ওপর বেশি নির্ভর করছে।
জম্মুর ঘন বনাঞ্চল এই পরিবর্তিত কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষক রশিদ রাহি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতিতে বড় পার্থক্য রয়েছে।
আলজাজিরাকে তিনি বলেন, জম্মু বিভাগে বিস্তীর্ণ ঘন বনাঞ্চল রয়েছে। এসব এলাকার প্রতিটি অংশে নিরাপত্তা বাহিনীর পক্ষে পৌঁছানো কঠিন। এ কারণে উধমপুর ও রাজৌরিতে একাধিক হামলার ঘটনা ঘটেছে। কখনো কখনো তল্লাশি অভিযান চালাতে নিরাপত্তা বাহিনীর কয়েক সপ্তাহ লেগে যায়। এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
রশিদ রাহি আরো বলেন, কাশ্মীরের পাহাড়ি এলাকায় প্রচুর তুষারপাত হয়। ফলে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ে। তবে জম্মু দিয়ে অনুপ্রবেশের সুযোগ রয়েছে। দুই অঞ্চলের মধ্যে এটিই বড় পার্থক্য।
সব মিলিয়ে বিশ্লেষকদের বক্তব্য, লতিফ ভাটের মৃত্যু ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য বড় সাফল্য হতে পারে। তবে একজন স্থানীয় সশস্ত্র যোদ্ধার মৃত্যু দিয়ে কাশ্মীরের সশস্ত্র সংঘাতের অবসান হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বরং নতুন সংগঠন, হাইব্রিড যোদ্ধা, বিদেশি সদস্য এবং জম্মুর দুর্গম বনাঞ্চলকে কেন্দ্র করে সশস্ত্র তৎপরতার ধরন বদলে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এএম