হোম > বিশ্ব > ভারত

ভারতের মধ্যপ্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো ৬৩৬ বছরের পুরোনো মসজিদ

আমার দেশ অনলাইন

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত শাহী মসজিদ। ছবি: এএনআই

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৬৩৬ বছরের পুরোনো একটি মসজিদ, ঐতিহাসিক সমাধিসৌধ ও এক ডজনের বেশি মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ২০২৮ সালে অনুষ্ঠেয় সিমহস্থ মহাকুম্ভের প্রস্তুতির নামে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ঘটনাকে বেআইনি, অন্যায় ও সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড। ক্ষতিগ্রস্তদের আইনি ও নৈতিক সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।

গত মঙ্গলবার নয়াদিল্লি থেকে পাঠানো এক বিবৃতিতে বোর্ডের মুখপাত্র ড. সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস এসব কথা জানান। তিনি এ ঘটনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বেচ্ছাচারিতা ও নিপীড়ন বলে অভিহিত করেন। খবর মাকতুব মিডিয়ার।

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ভোর ৫টার দিকে রেলওয়ে প্রশাসনের কর্মকর্তারা বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়ে উজ্জয়িনীর মাধব নগর রেলওয়ে স্টেশন এলাকায় যান। এ সময় আধাসামরিক বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বুলডোজার দিয়ে এলাকার ঐতিহাসিক সমাধিসৌধ, মসজিদ ও মাজারগুলো ভেঙে ফেলা হয়। একই অভিযানে মসজিদ কালান্দারি এবং মুতাওয়াল্লির (ওয়াক্‌ফ সম্পত্তির তত্ত্বাবধায়ক) বাসভবনও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ওয়াক্‌ফ কমিটির সভাপতি কাজী মাওলানা আরিফ নদভী বলেন, জমিটি নিয়ে বিরোধের বিষয়টি এখনো ভোপালের ওয়াক্‌ফ ট্রাইব্যুনালে বিচারাধীন। অভিযোগ রয়েছে, এক ব্যক্তিকে কাল্পনিক ভাড়াটিয়া দেখিয়ে ভোরে স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে। বোর্ডের মতে, বিষয়টি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা অবস্থায় এ ধরনের জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া উচিত হয়নি। অভিযানে পুরোনো ঐতিহ্যবাহী স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মসজিদ কমিটির দাবি, ১৩৯০ সালে নির্মিত মসজিদটির বয়স প্রায় ৬৩৬ বছর। মহাকুম্ভ আয়োজন ও অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজন থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সে অজুহাতে ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বোর্ডের মুখপাত্র জানান, কাজী মওলানা আরিফ নদভী ও স্থানীয় দায়িত্বশীলদের আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্তকে তারা সমর্থন করছেন। ক্ষতিগ্রস্ত কমিটিকে প্রয়োজনীয় আইনি ও নৈতিক সহায়তা দেওয়া হবে। বিষয়টি হাইকোর্টে চ্যালেঞ্জ করার উদ্যোগেও সমর্থন রয়েছে বোর্ডের। বিবৃতিতে বলা হয়, এ অভিযানের মাধ্যমে ভারতের সংবিধানের ১৪, ২৫, ২৬ ও ৩০০-এ অনুচ্ছেদে স্বীকৃত আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার ও সুরক্ষার নীতি লঙ্ঘিত হয়েছে।

বিজেপিশাসিত কয়েকটি রাজ্যে গত কয়েক বছরে বিভিন্ন অজুহাত ও প্রশাসনিক পদক্ষেপের আড়ালে ঐতিহাসিক মসজিদ, সমাধিসৌধ ও মাজারকে লক্ষ্যবস্তু করার অভিযোগও তোলেন ড. ইলিয়াস।

এআরবি

হাসিনা এখন কোথায় আছেন, কেমন আছেন

ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে আইসিসির পাশে জাপান

ভারতে হিন্দুত্ববাদীদের মবের পর এবার গির্জায় বুলডোজার চালাল প্রশাসন

জাতিসংঘে বাংলার দুর্ভিক্ষের উদাহরণ কেন দিল ভারত

ভারত-ইসরাইল সম্পর্কের নেপথ্যে কী

মোদির ১২ বছরে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র, কোণঠাসা হয়েছে মুসলিমরা

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, সামনে কী হতে পারে

যুক্তরাষ্ট্রের নতুন দফা শুল্ক তালিকায় থাকছে ভারত

‘আরএসএসের কাছে মাথা নত করব না’, ১৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা