ভারতের মুম্বাইয়ের জিনিয়া চ্যাটার্জি টানা ৬০ দিনের এক ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নিয়ে নয় লাখ ৬০ হাজার রুপি পুরস্কার জিতেছেন। পাশাপাশি পেয়েছেন একটি স্পনসরড ভ্রমণের সুযোগ। ওয়েকফিটের পঞ্চম আসরের ‘স্লিপ ইন্টার্নশিপ’-এর বিজয়ী হয়েছেন তিনি।
দুই মাসের এ প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ১০ জন অংশ নেন। দুই লাখের বেশি আবেদনকারীর মধ্য থেকে তাদের বাছাই করা হয়। তবে এই ইন্টার্নশিপ কেবল ঘুমানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রতিযোগীদের নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তোলা, ঘুমের সময় ও মান পর্যবেক্ষণ এবং সাপ্তাহিক বিভিন্ন সৃজনশীল চ্যালেঞ্জে অংশ নিতে হয়েছে।
প্রতি সপ্তাহে প্রতিযোগীদের এমন সব কর্মকাণ্ডে অংশ নিতে হয়েছে, যার মাধ্যমে তাদের সৃজনশীলতা এবং ভিন্নধর্মী কাজ সম্পন্ন করার সক্ষমতাকে যাচাই করা হয়েছে।
এর মধ্যে ছিল ‘স্লিপ সিনেমা’ নামের একটি চ্যালেঞ্জ। যেখানে প্রতিযোগীরা জনপ্রিয় সিনেমার বিভিন্ন দৃশ্যকে ঘুমের অনুষঙ্গ যোগ করে নতুনভাবে উপস্থাপন করেছেন।
এছাড়া ছিল ‘স্লিপ বিঙ্গো’, যেখানে তাদের পুরো সপ্তাহের ঘুমের অভ্যাসের পর্যালোচনা করতে বলা হয়।
‘আন্ডারকভার স্লিপ মিশন’ নামে আরেকটি কার্যক্রমে প্রতিযোগীদের কথোপকথনে ‘ব্ল্যাঙ্কেট’ বা ‘পিলো’ শব্দ কৌশলে ১০ বার ব্যবহারের মতো মজার চ্যালেঞ্জ ছিল।
চূড়ান্ত পর্বে চার প্রতিযোগী অংশ নেন। সেখানে স্মৃতিশক্তি যাচাই, ঘুমানোর পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী নিলামে কেনা এবং শেষ রাতে ঘুমের মান পর্যবেক্ষণের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়।
চূড়ান্ত স্কোরে সবাইকে ছাড়িয়ে বিজয়ী হন জিনিয়া। তিনি পুরস্কার হিসেবে নয় লাশ ৬০ হাজার রুপি এবং একটি স্পনসরড অবকাশ যাপনের সুযোগ লাভ করেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরএ