ইরানের পূর্বাঞ্চলে গ্যাস পরিশোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন। রোববার (১৫ নভেম্বর) ইরাক সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, আব্দানান ও দেহলোরান এলাকার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে একটি গ্যাস পরিশোধনাগারের কর্মীরা ছিলেন।
স্থানীয় এক কর্মকর্তা ইরনাকে জানান, কর্মীদের বহনকারী বাসটি উল্টে গেলে ঘটনাস্থলে ১২ জনের মৃত্যু হয় এবং ১৬ জন আহত হন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এদিকে, ইরানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার উদ্বেগজনক। দেশটির সড়ক অবকাঠামোর দুরবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেশি। এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এক বছরে ইরানে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: ইরনা
এআরবি