মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬টি সামরিক ঘাঁটিসহ অসংখ্য স্থাপনাং ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব হামলায় প্রথমে মার্কিন ঘাঁটির আগাম সতর্কতাব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অকার্যকর করা হয়। এরপর লক্ষ্যবস্তু করা হয় সামরিক উড়োজাহাজ, হ্যাঙ্গার, গুদাম ও সেনাদের আবাসন। এতে সামরিক সরঞ্জামের কয়েক শ কোটি ডলারের ক্ষতি হয়েছে। পরিস্থিতির কারণে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অনেক সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
এপি একাধিক প্রতিষ্ঠানের সরবরাহ করা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি স্বাধীনভাবে যাচাই করেছে। পাশাপাশি হামলায় কী কী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে চারজন আঞ্চলিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে সংবাদমাধ্যমটি। তাদের মধ্যে কেউ হামলার বিষয়ে সরাসরি জানেন, আবার কেউ এ বিষয়ে অবহিত হয়েছেন।
এপির বিশ্লেষণ অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত ইরান অথবা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর দাবি করা ১১৫টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম থাকা ২৬টি সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, ইরান প্রথম দিকে মার্কিন ঘাঁটিগুলোর বিমান রাখার হ্যাঙ্গার এবং শত্রুপক্ষের আসন্ন হামলা শনাক্ত করার ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করে। এসব ব্যবস্থা অকার্যকর করার পর হামলার পরিধি বাড়ানো হয়। পরবর্তী সময়ে সামরিক সরঞ্জাম রাখার গুদাম, সেনাদের আবাসন এবং অন্যান্য স্থাপনায় হামলা চালানো হয়।
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির চিত্রও উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। দুই আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তাদের অনেক সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে সামরিক বিমান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, যোগাযোগব্যবস্থা এবং সামরিক ঘাঁটি পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম। ওই কর্মকর্তাদের একজন এ তথ্য জানিয়েছেন।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইরানের হামলার বেশির ভাগই হয়েছে কুয়েতে। এ ছাড়া বাহরাইন, ইরাক, জর্ডান, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুয়েতের আরেকটি মার্কিন সামরিক স্থাপনা ক্যাম্প বুয়েরিংয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি। ইরানের হামলায় ঘাঁটিটির অধিকাংশ হ্যাঙ্গার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তবে সেখানে বিমানের সংখ্যা সীমিত থাকায় সেনাদের সমবেত হওয়ার স্থানগুলোতে তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
গত মার্চে হামলায় ক্যাম্প বুয়েরিংয়ের জিমনেসিয়ামটি ধ্বংস হয়ে যায়। এর কয়েক মাস পর, জুলাইয়ের শেষ দিকে, ঘাঁটির ভেতরে সেনাদের পণ্য কেনার একটি দোকানেও হামলা হয়।
এএম