ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করছে সৌদি আরব। দেশটি চীনের সহায়তায় আরো শক্তিশালী ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন গবেষকদের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, সৌদি আরবের রিয়াদ প্রদেশের আল-দাওয়াদিমি ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রের অবকাঠামো সম্প্রসারণ করা হচ্ছে। সেখানে অধিক পাল্লার ও ভারী ওয়ারহেড বহনে সক্ষম সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি চলছে বলে ধারণা বিশ্লেষকদের।
১৯৮০-এর দশকে চীনের কাছ থেকে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে সৌদি আরব। ২০০৭ সালে দেশটি আরও উন্নত ডিএফ-২১ ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে। ২০২১ সাল থেকে চীনের সহায়তায় সৌদি আরবে নিজস্ব ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ওপর সামরিক নির্ভরতা কমানো এবং ইরান ও হুথিদের মোকাবিলায় নিজস্ব দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা গড়ে তোলাই রিয়াদের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। নিজস্ব উৎপাদন ব্যবস্থা গড়ে উঠলে বিদেশি সরবরাহ ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিবর্তনের ওপর নির্ভরশীলতাও কমবে।
গত সেপ্টেম্বরে ইয়েমেনে চীনা নকশার ডিএফ-১৫এ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়ার ঘটনা সৌদি আরবের ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনা সামনে এনেছে। তবে দেশটির প্রথমবারের মতো এ ধরনের ক্ষেপণাস্ত্র যুদ্ধে ব্যবহারের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকদের আশঙ্কা, সৌদি আরবের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে দেশটির সম্ভাব্য পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষারও সম্পর্ক থাকতে পারে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের প্রেক্ষাপটে ভবিষ্যতে পারমাণবিক সক্ষমতা অর্জনের বিষয়টিও আলোচনায় এসেছে। তবে সৌদি আরব পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে—এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই।
বিশেষজ্ঞদের মতে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবকে ইরানের বিরুদ্ধে দূরপাল্লার হামলার বিকল্প দিতে পারে। তবে নির্ভুল লক্ষ্যবস্তু শনাক্তকরণ, উন্নত গোয়েন্দা সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা নিশ্চিত করা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ।
সব মিলিয়ে, সৌদি আরবের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে আঞ্চলিক প্রতিপক্ষের বিরুদ্ধে নিজস্ব প্রতিরোধ ও আক্রমণ সক্ষমতা বাড়াতে চাইছে রিয়াদ।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ