পরমাণু নিরাপত্তাসংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা থেকে ইরান সরে আসেনি বা তা স্থগিত করেনি বলে জানিয়েছেন জাতিসংঘে দেশটির উপপ্রতিনিধি গোলামহোসেইন দারজি। তবে যুক্তরাষ্ট্রের হামলার কারণে এসব বাধ্যবাধকতা বাস্তবায়নের নিরাপত্তা পরিস্থিতি বদলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দারজি বলেন, সামরিক হামলার শিকার হলেও ইরান তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলেছে। পরমাণু নিরাপত্তা-সংক্রান্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশটি সরে আসেনি।
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকেরা ইরান ছেড়ে গেছেন বলে জানান দারজি। তার ভাষ্য অনুযায়ী, আইএইএও পরিদর্শকদের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
দারজি বলেন, পরিদর্শকদের ইরানে ফিরিয়ে নেওয়ার দাবি জানালে তাদের নিরাপত্তা নিয়ে আইএইএর উদ্বেগও বিবেচনায় নিতে হবে। এসব উদ্বেগ উপেক্ষা করা যায় না বলে মন্তব্য করেন তিনি।
এএম