হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ক্ষুধায়-তৃষ্ণায় পথেই মায়ের মৃত্যু, ৯০ বছরেও ভাগ্য ফেরেনি ফিলিস্তিনি শাম্মার

এএফপি

১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার আগে অখণ্ড ফিলিস্তিনে বসবাস করতেন শাম্মা আবু হোসেন। দেশটির প্রতিষ্ঠার সময় সংঘাতের মুখে পরিবার নিয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন তিনি। সেই থেকে মিসরে শরণার্থী হিসেবে বসবাস করছেন ৯০ বছর বয়সী এই নারী। জীবনের দীর্ঘ সময় আইনি অনিশ্চয়তা ও নানা বঞ্চনার মধ্য দিয়ে কাটানোর পর এবার গাজা যুদ্ধকে কেন্দ্র করে নতুন করে বাস্তুচ্যুতির আশঙ্কা করছেন তিনি।

শাম্মার আশঙ্কা, গাজাবাসীকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করার বিষয়ে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্য ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারে।

তিনি বলেন, ‘এত ভোগান্তি ও নির্যাতন সহ্য করার পরও তারা এখন গাজাবাসীকে তাদের নিজ বাড়িঘর থেকে উৎখাত করতে চায়।’

মিসরের শারকিয়া প্রদেশের গেজিরেত ফাদেল গ্রামে নিজের ইটের বাড়িতে বসে শাম্মা আবু হোসেন স্মরণ করেন, কীভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সংঘাতের মধ্যে দক্ষিণ ইসরাইলের বর্তমান বীরশেবা এলাকা থেকে তাদের পরিবার পালিয়ে যায়। ফিলিস্তিনিরা ওই সময়ের বাস্তুচ্যুতিকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে অভিহিত করেন।

এক সন্ধ্যায় আকাশে আগুনের শিখা ছড়িয়ে পড়লে পরিবারের বয়োজ্যেষ্ঠরা শিশুদের উটে তুলে মরুভূমির পথে যাত্রা করেন। কয়েক দিন খাবার ও পানি ছাড়াই পথ চলতে হয় তাদের। এ সময় মাকে হারান শাম্মা। পরে তারা মিসরে পৌঁছে আশ্রয় নেন।

সময়ের সঙ্গে তাদের আশ্রয়স্থলটি প্রায় চার হাজার ফিলিস্তিনির বসতিতে পরিণত হয়েছে। এখানকার বাসিন্দাদের অনেকের জন্ম ও বেড়ে ওঠা মিসরেই। কিন্তু নাগরিকত্ব না থাকায় শিক্ষা, চিকিৎসা ও সরকারি সুযোগ-সুবিধা পেতে নানা প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয় তাদের।

গ্রামের ৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক সেলমি সোলাইমান আল-নামুলি বলেন, ‘আমার জন্ম মিসরে। আমার বাবার জন্মও মিসরে। আমার সন্তানদেরও জন্ম এখানে। কিন্তু কাগজপত্রের ক্ষেত্রে আমাকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়।’

আবাসন অনুমতি নবায়নের ফি, স্কুলের খরচ ও অন্যান্য প্রশাসনিক ব্যয় সামলাতে গিয়ে তার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়ানো সম্ভব হয়নি। একইভাবে তার ২৫ বছর বয়সী ভাতিজা ফারিদ খালেদ আল-নামুলিও কাগজপত্রসংক্রান্ত জটিলতায় উচ্চশিক্ষার স্বপ্ন ত্যাগ করেছেন। পরে গ্রামের পোশাকের দোকানে কাজ শুরু করেন তিনি।

ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের লুবনা শোমালি জানান, মিসরজুড়ে বহু ফিলিস্তিনি একই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন। গবেষকদের ধারণা, গাজা যুদ্ধ শুরুর আগে বিভিন্ন সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিসরে বসবাস করছিলেন। যুদ্ধ শুরুর পর সেখানে আরও লক্ষাধিক ফিলিস্তিনি পৌঁছেছেন।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর হিসাবে, জর্ডান, সিরিয়া ও লেবাননে নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা প্রায় ৩৫ লাখ।

শোমালির মতে, ফিলিস্তিনিদের দুর্দশা কেবল অতীতের ঘটনা নয়, বরং এখনো চলমান। তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি বর্ণনার জন্য সবচেয়ে উপযুক্ত শব্দ হলো চলমান নাকবা। কারণ, বাস্তুচ্যুতি এখনো অব্যাহত রয়েছে।’

তার ভাষ্য, প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিরা এমন এক জবরদস্তিমূলক পরিস্থিতিতে আটকে রয়েছেন, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক অধিকার পাওয়ার সুযোগ সীমিত।

মিসরীয় কর্মকর্তারা অবশ্য দাবি করে আসছেন, ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের নিজ ভূখণ্ড থেকে স্থায়ীভাবে উচ্ছেদের প্রচেষ্টার বিরোধিতা করছে কায়রো।

সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের শাসনামলে ফিলিস্তিনিরা মিসরে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নাগরিকদের প্রায় সমান সুযোগ পেতেন। তবে ১৯৭৮ সালে ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী আবু নিদালের সদস্যদের হাতে সংস্কৃতিমন্ত্রী ইউসুফ সিবাই হত্যার পর তাদের ওপর বিধিনিষেধ কঠোর করা হয়।

ইসরাইলি হামলায় হামাসের শিক্ষামন্ত্রী নিহত

‘ইরানের পরমাণু কর্মসূচি অপ্রতিরোধ্য’

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইসরাইল

নেতানিয়াহুর দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ বিচারকদের

ইরানের হামলায় ২৬ মার্কিন সামরিক ঘাঁটি ও অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত

গাজা পুনর্গঠন, ফিলিস্তিনি শাসন ও শান্তি নিয়ে যা বললেন ট্রাম্প জামাতা কুশনার

ইরানের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন ট্রাম্প জামাতা কুশনার

সিরিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ নিহত ৬

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও নজরদারি আরো জোরদার করেছে ইরান

গাজায় বাস্তুচ্যুতদের তাবুতে ইসরাইলি বিমান হামলা, নিহত ২